চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বন্দর থানা এলাকায় সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে ওয়াহিদুল আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৬ মে) রাত আনুমানিক ১টার দিকে নগরীর নিমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ওয়াহিদুল আলম স্থানীয় নিমতলা এলাকার হারুন সওদাগর (কমিশনার হারুন নামে পরিচিত)-এর ছেলে। এছাড়াও তিনি নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ছোট ভাই বলে জানা গেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “পুলিশের কাছে অপরাধীর রাজনৈতিক পরিচয় কোনো মুখ্য বিষয় নয়। চাঁদাবাজ মানেই সে একজন অপরাধী।” তিনি আরও জানান, সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে ওয়াহিদুল আলমকে আটক করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী বা ব্যক্তি থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করলে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে জানতে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।







