খেলার মাঠ দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার পূর্বপাড়া খেলার মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) বিকেল ৫টায় আয়োজিত কর্মসূচিতে কিশোর, তরুণ, শিশু, নারী ও পুরুষসহ দল-মত নির্বিশেষে শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এতে খেলার মাঠ উদ্ধার, দখলমুক্ত করা এবং শিশু-কিশোরদের খেলাধুলার অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। এ সময় পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পূর্বপাড়া খেলার মাঠটি শুধু খেলাধুলার জায়গা নয়; এটি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোড়াঘাটে সফরে এসে কৃষক ও স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এ সময় তিনি কৃষিকাজে সেচ সুবিধা বাড়ানো ও কৃষকদের উপকারের লক্ষ্যে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচির উদ্বোধন ও তদারকি করেন বলে স্থানীয়রা জানান।
তারা আরও বলেন, ওই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল তৃণমূলের মানুষের সঙ্গে সরাসরি কথা বলা, তাদের অভাব-অভিযোগ শোনা এবং স্থানীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেও তিনি এ এলাকায় এসেছিলেন বলে বক্তারা উল্লেখ করেন।
মানববন্ধনে স্থানীয় প্রবীণ বাসিন্দারা অভিযোগ করেন, শাহাদুল নামে এক ব্যক্তি মাঠটি দখলে রেখেছেন। তাদের দাবি, ওই ব্যক্তি একসময় গাইবান্ধা থেকে এসে করতোয়া নদীতে মাছ শিকার করতেন। পরবর্তী সময়ে তিনি একটি কবুলিয়তনামা বা দলিলের মাধ্যমে জমির মালিকানা দাবি করে মাঠটি দখলে নেন। তবে ওই দলিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
৬৫ থেকে ৭০ বছর বয়সী রেজওয়ানুর, মদুদ, মঞ্জু সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, তারা এবং তাদের বাবা-দাদারাও এই মাঠে খেলাধুলা করে বড় হয়েছেন। হঠাৎ করে শফিকুল কীভাবে এই জমির মালিকানা দাবি করছেন, তা তারা বুঝতে পারছেন না। তারা জমির কাগজপত্র যাচাই করে মাঠটি দখলমুক্ত করার দাবি জানান।
বক্তারা বলেন, একটি খেলার মাঠ শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান কেন্দ্র। তাই মাঠের মালিকানা ও দখলসংক্রান্ত বিষয় তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত করার আহ্বান জানান তারা।







