দীর্ঘদিনের বিভেদ ও একাধিক সাংবাদিক সংগঠনের পরিবর্তে ঐক্যবদ্ধভাবে একটি প্রেসক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ঘাটাইলের সাংবাদিকরা। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক নুরুজ্জামানকে আহ্বায়ক এবং ছরোয়ার জাহান কলিকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।
সিনিয়র সাংবাদিক সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঘাটাইলের বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠন বিলুপ্ত ঘোষণা করে ঐক্যের ভিত্তিতে একটি মাত্র প্রেসক্লাব গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
১১ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন— খান মোহাম্মদ ফজলুর রহমান, সাইয়্যিব মোহাম্মদ হামিদুল্লাহ, মোঃ সাজ্জাদুর রহমান, আব্দুল্লাহ আল মাসুদ, আনোয়ার হোসেন বকুল, উত্তম কুমার আর্য্য, মোঃ রবিউল আলম বাদল, এবিএম আতিকুর রহমান ও গোলাম মোস্তফা তালুকদার।
মতবিনিময় সভায় ঘাটাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৪০ জন সাংবাদিক অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমাদুল হাসান। তিনি নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে ঘাটাইলে একাধিক প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠন থাকায় সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরি হয়েছিল। একইসঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও একাধিক সংগঠন নিয়ে বিভ্রান্তিতে পড়তেন। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সকল সংগঠন বিলুপ্ত করে একটি অভিন্ন প্রেসক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।







