, ,

গাজীপুরে মাদককারবারীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে মাদক মামলার আসামি আটক ও মাদক উদ্ধারে গিয়ে মাদককারবারীদের হামলার শিকার হয়েছেন সদর মেট্রো থানার দুই পুলিশ সদস্য। হামলায় এএসআই আব্দুর রশিদ (৪০) ও কনস্টেবল সাইফুল ইসলাম (৩৬) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি, অপরাধ উত্তর) মোঃ রবিউল হাসান।
ঘটনাটি ঘটে সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর ভোড়া চৌকিদারবাড়ী এলাকায়। পুলিশ জানায়, মাদক মামলার আসামি আব্রাহাম রায়হান (১৮) কে আটক করার পর আলামত জব্দ, সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ এবং তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করতে যান এএসআই আব্দুর রশিদ ও কনস্টেবল সাইফুল ইসলাম।
এসময় মাদক ব্যবসায়ী মুমতাজ, শাহ জামাল ওরফে মালা পাগলা এবং মুমতাজের ছেলেরা ও আসামি আব্রাহাম রায়হানের আত্মীয়স্বজন পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীরা দুই পুলিশ সদস্যকে ঘিরে ধরে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর আহত করে। এএসআই আব্দুর রশিদ মারাত্মক রক্তক্ষরণে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যান।
খবর পেয়ে সদর মেট্রো থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞান অবস্থায় এএসআই রশিদকে উদ্ধার করে। অন্যদিকে কনস্টেবল সাইফুল ইসলাম প্রাণের ভয়ে দৌড়ে পালানোর সময় স্থানীয়রা তাকে চোর ভেবে দ্বিতীয় দফায় মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ফজল মিয়া জানান, আহত দুই পুলিশ সদস্যের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তারা বর্তমানে আশঙ্কামুক্ত।
গাজীপুর মেট্রোপলিটনের ডিসি (অপরাধ উত্তর) মোঃ রবিউল হাসান জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।