, ,

গাইবান্ধার সাঘাটায় নারী শিক্ষার আলো জ্বেলে দৃষ্টি কেড়েছে: উদয়ন মহিলা ডিগ্রি কলেজ

নিউজটি শেয়ার করুন

‎গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারি গ্রামে প্রতিষ্ঠিত উদয়ন মহিলা ডিগ্রি কলেজ প্রায় তিন দশক ধরে চরাঞ্চলের পিছিয়ে পড়া নারীদের শিক্ষা-অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ১৯৯৬ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি আজ নারী শিক্ষার অগ্রযাত্রার এক শক্তিশালী প্রতীক।
‎অধ্যক্ষ মোঃ মুস্তাফিজুর রহমান জানান, বর্তমানে কলেজটিতে ৮০০-এর বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ৫৬ জন। ডিগ্রি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০০ জন। কলেজের গড় পাশের হার ৯০ শতাংশ, যা অভিভাবক ও স্থানীয় মানুষের আস্থাকে আরও দৃঢ় করেছে।
‎৩.১০ একর নিজস্ব জমির ওপর কলেজটির অবকাঠামো নির্মিত হয়েছে। রয়েছে আধুনিক লাইব্রেরি, বিজ্ঞান ল্যাব, মাল্টিমিডিয়া প্রজেক্টর, এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য স্বল্পমূল্যের ক্যান্টিন-যেখানে মাত্র ১০ থেকে ১৫ টাকায় দুপুরের খাবার পাওয়া যায়। চরাঞ্চলের অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এটি এক বড় সহায়তা।
‎শুধু পাঠদান নয়, সহশিক্ষা কার্যক্রমেও কলেজটির সুনাম রয়েছে। এখানে পরিচালিত হয় ইংলিশ ক্লাস, কম্পিউটার প্রশিক্ষণ, গল্পের আসর, রোভার স্কাউট, বিতর্ক প্রতিযোগিতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা কর্মসূচি। এসব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।
‎অধ্যক্ষ মোঃ মুস্তাফিজুর রহমান আরও জানান, এই কলেজে লেখাপড়া করে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চপদে দায়িত্ব পালন করছেন। কেউ শিক্ষকতা পেশায়, কেউ প্রশাসনের বিভিন্ন দফতরে, আবার কেউ স্বাস্থ্য ও ব্যাংকিং খাতেও কর্মরত আছেন। তিনি বলেন, আমাদের মেয়েরা এখন শুধু শিক্ষিতই নয়, আত্মনির্ভরশীলও হচ্ছে। তাদের সাফল্যই প্রমাণ করে উদয়ন মহিলা কলেজ সঠিক পথেই এগোচ্ছে।
‎তবে উন্নয়নের ধারায় কিছু চ্যালেঞ্জও রয়েছে। অধ্যক্ষ জানান, পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব দূর করতে নতুন ভবন নির্মাণ জরুরি। এছাড়া খেলার মাঠ সংকুচিত হওয়ায় ক্রীড়া কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা-কলেজটিতে এখনো সীমানা প্রাচীর নেই, ফলে নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে। সীমানা প্রাচীর নির্মাণ হলে শিক্ষার্থীরা আরও নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারবে।
‎চরাঞ্চলের অসহায় ও পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষার আলো পৌঁছে দিতে প্রতিষ্ঠিত উদয়ন মহিলা কলেজ এখন একটি রোল মডেল। স্থানীয়দের প্রত্যাশা-সরকারি সহযোগিতা ও অবকাঠামোগত উন্নয়ন পেলে কলেজটি সাঘাটার নারী শিক্ষায় আরও বড় পরিবর্তনের পথ সুগম করবে।
‎