মামলা হলেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি
গাইবান্ধা সদর উপজেলায় ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধ/র্ষ/ণ ও নির্যাতনের অভিযোগ দায়ের করা মামলার এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ জুন সন্ধ্যার পর গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, শিশুটি বাড়ির পাশের এলাকায় গেলে দুই যুবক তাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণসহ নির্যাতন চালায়।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছা. হাছিনা খাতুন গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১)/৩০ ধারায় একটি মামলা রুজু করে।
মামলায় পলাশবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের রহিম মিয়ার ছেলে নোবেল মিয়া (২০) এবং কোমরপুর গ্রামের পাপুল মিয়ার ছেলে তারেক (১৯)-কে আসামি করা হয়েছে। তবে মামলার এজাহারে নাম উল্লেখ থাকলেও এখন পর্যন্ত তাদের কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা সুমঙ্গল কুমার দাশের নেতৃত্বে তদন্ত কার্যক্রম চলছে। তদন্তে সহযোগিতা করছেন সদর থানার সাব-ইন্সপেক্টর মো. আশাদুল ইসলাম।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। দ্রুত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






