, ,

গাইবান্ধায় দুদিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু

নিউজটি শেয়ার করুন

‎শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধায় দুদিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু হয়েছে।
‎
‎সোমবার (১২ অক্টোবর) সকালে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।
‎
‎বিদ্যালয়ের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা খান মো. সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াসিউল হাবিব প্রমুখ।
‎
‎মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বৈজ্ঞানিক জ্ঞান তুলে ধরতে মোট ১৬টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে।
‎
‎বক্তারা বলেন, বিজ্ঞান মানে শুধু বইয়ের পাতায় সূত্র মুখস্থ করা নয়; বরং কৌতূহলী হওয়া, চারপাশের জগতকে প্রশ্ন করা এবং বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করা। মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা নিজেদের মেধা, পরিশ্রম ও উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেছে, যা প্রশংসনীয়।
‎
‎তাঁরা আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শুধু বিজ্ঞানমনস্ক করে তুলবে না, বরং বাস্তব জীবনে সাহসী, বিশ্লেষণধর্মী ও দূরদর্শী মানুষ হিসেবেও গড়ে উঠতে সহায়তা করবে। এ সময় তাঁরা অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাঁদের নির্দেশক শিক্ষকদের অভিনন্দন জানান এবং সবার সাফল্য কামনা করেন।
‎
‎মেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।