মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার মহাজনপাড়া সংলগ্ন একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আটকরা হলেন—খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চতুর্থ শ্রেণির কর্মচারী ও সদর উপজেলার সবুজবাগ এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে আব্দুল আল মামুন (২০) এবং একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শাহ আলম ওরফে ‘চোর ফয়সল’ (২৬)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি শহরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে খাগড়াছড়ি ডিবি পুলিশের একটি দল মহাজনপাড়া সংলগ্ন খাগড়াছড়ি গেস্ট হাউস হোটেলে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে হোটেলের ৪০২ নম্বর কক্ষে অবস্থানরত ওই দুই ব্যক্তির কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাদের ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।







