খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘খাগড়াছড়ি প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট (সিজন-১)’ ও ‘খাগড়াছড়ি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্ট দুটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার মো. মর্তুজা আলী খান।
টুর্নামেন্ট পরিচালনায় রয়েছেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. নজরুল ইসলাম।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ ও নারী সমাজকে ক্রীড়ামুখী করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার লক্ষ্যেই ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও দল অংশগ্রহণ করছে।
আয়োজকদের আশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং খাগড়াছড়িতে ক্রীড়া চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।
মোঃ আরিফুল ইসলাম
০১৫১৬১৯৫২৪৬
০৮/০৮/২৬







