নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ডাইয়ার পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, প্রশাসনের চোখের সামনেই এসব বালু পাশ্ববর্তী সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিভিন্ন এলাকায় এনে চড়া দামে বিক্রি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ডাইয়ার পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন করে ট্রাক ও নৌপথে মধ্যনগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
এদিকে মধ্যনগর উপজেলার বিভিন্ন গ্রামের বৈধ বালু শ্রমিকরা অভিযোগ করেছেন, তাদের কাজ করার সুযোগ সীমিত করে দেওয়া হলেও বাইরের এলাকা থেকে আসা বালু ব্যবসায়ীরা অবাধে ব্যবসা পরিচালনা করছেন। ফলে স্থানীয় শ্রমিকরা কর্মসংস্থান হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় একটি সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ বালু বাণিজ্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন







