, ,

কুমিল্লায় বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় স্থাপনের দাবি মন্ত্রী আমিন উর রশিদের

নিউজটি শেয়ার করুন

কুমিল্লা জেলায় বাংলাদেশ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের জোর দাবি জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। গত ২১ জুন ২০২৬ তারিখে অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি বরাবব পাঠানো এক আধা-সরকারি পত্রে (ডিও লেটার) তিনি এই অনুরোধ জানান।

পদ্ধতিগত কারণে এই অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে এবং ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে এটি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন মন্ত্রী।

চিঠিতে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লার ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে বলেন, কুমিল্লা বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা। প্রায় ৬২ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত এই অঞ্চলটি দেশের অন্যতম বৃহৎ জনবসতিপূর্ণ এলাকা। বর্তমানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী—এই ৬টি জেলার সমন্বয়ে ‘কুমিল্লা বিভাগ’ বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, কৃষি, মৎস্য ও প্রবাসী আয়ের দিক থেকে দেশের অর্থনীতিতে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় না থাকায় ভোগান্তির চিত্র তুলে ধরে
মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন যে, এত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি ভৌগোলিক অঞ্চল হওয়া সত্ত্বেও এখানে বাংলাদেশ ব্যাংকের কোনো আঞ্চলিক কার্যালয় নেই। এর ফলে ব্যাংকিং তদারকি, সরকারি আর্থিক কার্যক্রম, আন্তঃব্যাংক লেনদেন, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা এবং আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কাজের জন্য এই অঞ্চলের মানুষকে ঢাকা কিংবা চট্টগ্রামমুখী হতে হচ্ছে। এতে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে, অন্যদিকে অর্থ ব্যয় বৃদ্ধির পাশাপাশি কাঙ্ক্ষিত অর্থনৈতিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ।
কুমিল্লায় বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় স্থাপিত হলে এই অঞ্চলের মানুষ যেসব সুবিধা পাবে, তা চিঠিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে মন্ত্রী বলেন,
বৃহত্তর কুমিল্লা অঞ্চলের সামগ্রিক ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা সহজতর হবে।

স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে।

আমদানি, রপ্তানি ও বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থাপনা অনেক সহজ হবে।
সাধারণ জনগণ ও স্থানীয় উদ্যোক্তারা কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সেবা দ্রুত ও সরাসরি গ্রহণ করতে পারবেন।

সর্বোপরি এটি আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এবং এ অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সামগ্রিক বিষয়সমূহ বিবেচনা করে কুমিল্লা জেলায় জরুরি ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থমন্ত্রীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।