, ,

কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে পুনর্গঠন করতে হবে। সবার আগে দেশ, আর দেশটা সবার। জনগণের কাছে যেসব পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল, তার ভিত্তিতেই মানুষ ভোট দিয়েছে।
তিনি বলেন, “আমরা যে ওয়াদা করেছি, তা বাস্তবায়ন করবো।”
শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পথসভায় উপস্থিত জনতা ‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগান দিলে প্রধানমন্ত্রী বলেন, “ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে বাস্তবায়ন হবে।” তার এ বক্তব্যের পর সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
দুপুর ২টায় অনুষ্ঠিত পথসভায় প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ১২ লাখ কৃষকের সুদ ও ঋণ মওকুফ করা হয়েছে। কুমিল্লা কৃষিতে অনেক এগিয়ে উল্লেখ করে তিনি বলেন, এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, “বিগত সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা চাপে রয়েছে। এজন্য সবাইকে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি যে ওয়াদা দেয়, ক্ষমতায় এলে তা বাস্তবায়ন করে। গত ১৬ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বহু মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন দেশকে সামনে এগিয়ে নিতে হবে, কর্মসংস্থান নিশ্চিত করতে হবে এবং মা-বোনদের স্বাবলম্বী করার ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও জানান, কুমিল্লার পথসভা শেষে তিনি চাঁদপুরে গিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম ও খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
এসময় উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ আমিন উর রশিদ ইয়াসিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরসহ একাধিক সংসদ সদস্য। তারা বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।এর আগে দুপুরে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে পথসভামঞ্চে পৌঁছালে নেতাকর্মীরা মুহুর্মুহু করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরের পথে এসব পথসভায় অংশ নেন।সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুনসহ পথসভাস্থলে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার মধ্যেই লক্ষ্মীপুর বাজার মাঠ হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।
সরকার প্রধান এদিন দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কাজের সূচনা করার কথা রয়েছে।