, ,

​কাজিপুরে ইজিবাইক চালক আটকের প্রতিবাদে নাটুয়ারপাড়ায় শতাধিক চালকের মানববন্ধন ও বিক্ষোভ।

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়ায় পুলিশের হয়রানি ও এক ইজিবাইক চালককে আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ইজিবাইক চালক ও মালিকেরা।

​৯ নভেম্বর উপজেলার নাটুয়ারপাড়া এলাকায় আয়োজিত এই মানববন্ধনে চরগিরিশ, নিশ্চিন্তপুর, নাটুয়ারপাড়া ও তেকানী—এই চার ইউনিয়নের প্রায় তিন শতাধিক ইজিবাইক চালক ও মালিক অংশ নেন।
​ইজিবাইক মালিক সমিতির চরগিরিশ ইউনিয়ন শাখার সভাপতি তোজাম মন্ডল, নিশ্চিন্তপুর শাখার সভাপতি শাহিন মিয়া, নাটুয়ারপাড়া শাখার সম্পাদক সুমন মিয়া এবং তেকানী ইউনিয়ন শাখার সম্পাদক রফিকুল ইসলাম মানববন্ধনে বক্তব্য রাখেন।
​বক্তারা বলেন, চরাঞ্চলের দরিদ্র ইজিবাইক চালকেরা স্থানীয় ব্যবসায়ীদের মালামাল পরিবহন করে সামান্য ভাড়ার ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। অথচ মাঝেমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসন তাঁদের বিনা কারণে আটক করে নানাভাবে হয়রানি করে আসছে।
​ঘটনার বিবরণ দিয়ে নেতৃবৃন্দ জানান, গত ৮ নভেম্বর নিশ্চিন্তপুর নৌকাঘাটে কবির নামের এক স্থানীয় ব্যবসায়ীর ইউরিয়া সারের বস্তা পুলিশ আটক করে। এ সময় ইজিবাইক চালক সুমন মিয়া সারের বস্তাগুলো ব্যবসায়ী কবিরের বলে পুলিশকে স্পষ্টভাবে জানান। কিন্তু পুলিশ প্রকৃত সারের মালিক ব্যবসায়ীকে আটক না করে উল্টো ইজিবাইক চালককে আটক করে থানায় নিয়ে যায় এবং পরে তাঁকে জেলহাজতে প্রেরণ করে।
​এ ধরনের অন্যায় আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চালকেরা অবিলম্বে তাদের সহকর্মী চালকের মুক্তি দাবি করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।