, ,

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে ৫৯ টেকসই উদ্যোগের স্বীকৃতি

নিউজটি শেয়ার করুন

এমএম রহমাতুল্লাহ: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের উদ্যোগকে স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হয়েছে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এর চতুর্থ আসর। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে ১৯টি ক্যাটাগরিতে মোট ৫৯টি টেকসই উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৪টি উদ্যোগ বিজয়ী এবং ২৫টি উদ্যোগ অনারেবল মেনশন অর্জন করেছে।

 

বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে আয়োজিত এ সম্মাননার আয়োজক বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ। অনুষ্ঠানে আকিজ বশির গ্রুপ ছিল পরিবেশনায়, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) সঞ্চালনায় এবং প্রাণ-আরএফএল গ্রুপ ও বিজিএমইএ সহযোগী হিসেবে যুক্ত ছিল।

 

আয়োজকদের তথ্য অনুযায়ী, এ বছর সম্মাননার জন্য ৪৭২টি মনোনয়ন জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে সাতটি পৃথক গ্র্যান্ড জুরি সেশনে মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। এ প্রক্রিয়ায় বিভিন্ন খাতের ২৭ জন বিশেষজ্ঞ অংশ নেন।

 

সম্মাননা অনুষ্ঠানে ব্যবসাপ্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্র্যান্ডের এমনসব উদ্যোগ তুলে ধরা হয়, যেগুলো জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

 

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, বর্তমানে ব্র্যান্ডগুলোর শুধু প্রতিশ্রুতি নয়, উদ্দেশ্যভিত্তিক নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। তাঁর ভাষায়, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস এমন উদ্যোগকে স্বীকৃতি দেয়, যেগুলো টেকসই উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তব ও পরিমাপযোগ্য পরিবর্তন আনছে এবং দায়িত্বশীল ব্যবসার নতুন মানদণ্ড তৈরি করছে।

 

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় সাসটেইনাবিলিটি সামিট ২০২৬-এর চতুর্থ আসর। দিনব্যাপী এ সম্মেলনে দেশের শীর্ষ ব্যবসায়ী, নীতিনির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সামাজিক উদ্যোক্তারা অংশ নেন।

 

সামিটে তিনটি কি-নোট সেশন, দুটি প্যানেল আলোচনা, তিনটি ইনসাইট সেশন, দুটি কেস স্টাডি, একটি এক্সপার্ট ডিপ ডাইভ এবং একটি পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়। আলোচনায় ব্যবসায়িক কৌশলে টেকসইতাকে অন্তর্ভুক্ত করা, পরিবেশ-সামাজিক-সুশাসন (ইএসজি) রিপোর্টিং, সবুজ অর্থায়ন, বিদেশি বিনিয়োগের সম্ভাবনা, দায়িত্বশীল সরবরাহ ব্যবস্থা এবং কার্বন মার্কেটের মতো বিষয় গুরুত্ব পায়।

 

কি-নোট সেশনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান দেশের সবুজ রূপান্তরে পুঁজিবাজারের ভূমিকা তুলে ধরেন। এছাড়া নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির কেলগ স্কুল অব ম্যানেজমেন্টের প্রফেসর ইমেরিটাস ফিলিপ কটলার, কানাডার রেসইন্ট সাসটেইনেবিলিটি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খালিদ হাসান এবং হিন্দুস্তান ইউনিলিভার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শ্রামন ঝা ভার্চুয়াল ও সরাসরি সেশনে টেকসই উন্নয়ন, দায়িত্বশীল ব্যবসা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

 

আয়োজকরা জানান, দেশের ব্যবসা ও শিল্পখাতে টেকসই উন্নয়নের চর্চা আরও বিস্তৃত করা এবং এসডিজি বাস্তবায়নে উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করাই এ সম্মাননা ও সামিটের মূল লক্ষ্য।