, ,

এলজিইডি: সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রমে নীতি-নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিউজটি শেয়ার করুন

আজাদুর রহমান বশির: সৌর বিদ্যুৎ সম্প্রসারণ, ডেঙ্গু প্রতিরোধ এবং দেশের সার্বিক উন্নয়ন কর্মসূচিকে বেগবান করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।
​সভায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রকৌশলীদের সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত রাস্তাঘাট, কালভার্ট ও ব্রিজ নির্মাণের বাস্তব কাজ নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। প্রকৌশলীদের উদ্দেশে প্রতিমন্ত্রী অত্যন্ত গোছালোভাবে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত রাস্তাঘাট ও কালভার্ট-ব্রিজের সফল কাজগুলো গণমাধ্যমের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে। একই সাথে যার যার অবস্থান থেকে নীতি ও নৈতিকতার জায়গা বজায় রেখে দেশ ও দশের কল্যাণে অত্যন্ত মনোযোগ ও সততার সাথে এসব প্রকল্প সম্পন্ন করার তাগিদ দেন তিনি।
​প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার দূরদর্শী লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দলীয় ও প্রাতিষ্ঠানিক সংকীর্ণতা পেরিয়ে এক হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
​স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।
​বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান দেশের এই জনকল্যাণমূলক কার্যক্রমগুলোকে আরও প্রগতিশীল ও গতিশীল করে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
​সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রকৌশলী ও কর্মকর্তারা অংশ নেন এবং সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং তৃণমূল পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।