খুলনা ব্যুরো: ভ্রাম্যমান আদালতের এক অভিযানে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি অমিত বিশ্বাস, ইটভাটার বিরুদ্ধে নানা বিধি অভিযোগের প্রেক্ষিতে গতকাল দুপুরে উপজেলার কৈয়ে বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। থানা পুলিশ ও ফায়ার ব্রিগেড সঙ্গে নিয়ে দুইটি ইট ভাটাকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ লক্ষ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে গতকাল দুটি ইটভাটাকে নানাবিধি অভিযোগের প্রেক্ষিতে সাজা প্রদান করেন। প্রথমে উপজেলার কৈয়ে বাজারের উত্তর পাশে আলামিন পরিচালনাধীন জেসি ব্রিকস কে সড়কের পাশে অবৈধভাবে মাটি কাটা সহ বিভিন্ন অভিযোগে চার লক্ষ টাকা জরিমানা করেন। পরবর্তীতে কৈয়ে বাজারের দক্ষিণ শৈলমারি সুইস গেটের কাছে ফজলুল রহমানের পরিচালনাধীন এসবি ব্রিকস প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকার কারণে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে ডুমুরিয়া উপজেলায় ১৮টি ইটভাটার মধ্যে সাতটি ইটভাটার লাইসেন্স নবায়ন করা হয়েছে।অন্য ইটভাটা গুলোর লাইসেন্স ও পরিবেশ ফায়ার ব্রিগেড কে উপেক্ষা করেই তাদের মোটা টাকার ব্যবসা চালু রেখেছে। অধিকাংশ ইটভাটা নদীর চরের মাটি তুলে তাদের ইট তৈরি করছে। এ প্রসঙ্গে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত বিশ্বাস বলেন ইটভাটার অবৈধ কার্যক্রম বন্ধে আগামীতে ভ্রাম্যমান আদালত অভিযান অব্যাহত থাকবে।।







