ইনটেক্স এক্সপো ২০২৬-এ এআইভিত্তিক সফটওয়্যার, ব্যবসায়িক পরামর্শ ও আধুনিক ডিজিটাল সমাধান তুলে ধরেছে প্রতিষ্ঠান দুটি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযুক্ত করে ডিজিটাল পণ্য ও সেবাকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করছে ব্যবসায়িক পরামর্শক প্রতিষ্ঠান ওয়াইজ কর্পোরেশন (WISE Corporation) এবং প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ফ্লিক বাংলাদেশ (Flick Bangladesh)। প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক সমাধান, সফটওয়্যার ও পরামর্শসেবা নিয়ে প্রতিষ্ঠান দুটি অংশ নিয়েছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘ইনটেক্স এক্সপো ২০২৬’-এ।
মেলায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিষ্ঠান দুটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ কামাল তাঁদের প্রতিষ্ঠানের কার্যক্রম, ব্যবসায়িক অভিজ্ঞতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
শাহ কামাল জানান, ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর থেকেই প্রজেক্ট ফাইন্যান্স ও বিনিয়োগের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। পরবর্তী সময়ে দেশ-বিদেশের ব্যাংকিং ও করপোরেট খাতে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা অর্জনের পর কোভিড-পরবর্তী সময়ে নিজস্ব প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নেন তাঁরা। সেই ধারাবাহিকতায় যাত্রা শুরু করে ওয়াইজ কর্পোরেশন।
তিনি বলেন, গত ১০ থেকে ১৫ বছরে ওয়াইজ কর্পোরেশন ২০০-এর বেশি ক্লায়েন্টকে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, ফিজিবিলিটি অ্যানালাইসিস, প্রফিটেবিলিটি অ্যাসেসমেন্ট এবং দেশি-বিদেশি বিনিয়োগ সংগ্রহের ক্ষেত্রে পরামর্শ ও কৌশলগত সহায়তা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের দক্ষ নির্বাহী কর্মকর্তা নিয়োগের জন্য ‘জব ওয়াইজ’ (Job Wise) নামে এক্সিকিউটিভ সার্চ সেবাও পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, ফ্লিক বাংলাদেশ সম্পর্কে তিনি জানান, কোভিড-পরবর্তী সময়ে ডিজিটাল রূপান্তরের চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে টেক্সটাইল, গার্মেন্টস, রিয়েল এস্টেট ও শিক্ষাসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের জন্য অটোমেশন এবং বিজনেস-টু-বিজনেস (B2B) সফটওয়্যার তৈরি করছে ফ্লিক বাংলাদেশ। দেশের বাজারের পাশাপাশি নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাজারেও প্রতিষ্ঠানটি সফটওয়্যার ও প্রযুক্তিগত সেবা প্রদান করছে। যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির একটি শাখা অফিসও রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রসঙ্গে শাহ কামাল বলেন, গত এক থেকে দুই বছরে তাঁদের সব ডিজিটাল পণ্যে এআই প্রযুক্তি সংযুক্ত করার মাধ্যমে সেবার মান ও কার্যকারিতা আরও উন্নত করা হয়েছে। বর্তমান সময়ে এআই প্রযুক্তি গ্রহণ ছাড়া সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সীমিত। ব্যক্তি ও প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়াতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠানটির ক্লায়েন্ট ও সেবার পরিধি সম্পর্কে তিনি বলেন, এসিআই, আকিজ, ওরিয়ন গ্রুপ ও বসুন্ধরার মতো বড় করপোরেট প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) নিয়েও কাজ করছেন তাঁরা। বিশেষ করে এসএমই উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে ‘বিসটেক’ (BizTech) নামে একটি ইআরপি (ERP) সফটওয়্যার চালু করা হয়েছে।
শাহ কামাল জানান, বিসটেক সফটওয়্যারের প্রাথমিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা থেকে শুরু। এর মডিউলভিত্তিক সুবিধার কারণে উদ্যোক্তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সেবা গ্রহণ করতে পারবেন। মাসে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা ব্যয়েও ২০ থেকে ১০০ জন কর্মী নিয়ে পরিচালিত একটি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ব্যবস্থাপনা করা সম্ভব।
তিনি আরও বলেন, বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্যও আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থাপনা সহজলভ্য করাই তাঁদের অন্যতম লক্ষ্য। এআই ও সফটওয়্যার প্রযুক্তির সমন্বয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম আরও সহজ, গতিশীল ও উৎপাদনশীল করে তুলতে ওয়াইজ কর্পোরেশন এবং ফ্লিক বাংলাদেশ ভবিষ্যতেও কাজ করে যাবে।






