মোঃ নাসির উদ্দিন, গাজীপুর প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল আযহা ২০২৬ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন করতে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে পরিবহণ মালিক সমিতি ও পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মোঃ শরিফ উদ্দীন।
সভায় পুলিশ সুপার ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া পরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পরিবহণ মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ আবু খায়ের, আমিনুল ইসলাম এবং মাহবুবুর রহমানসহ গাজীপুরের পরিবহণ মালিক সমিতি ও পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
গাজীপুর জেলা পুলিশ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।







