আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক জোট। এ বিষয়ে সংগঠনটি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতির কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্য ছিল নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করা। অথচ উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ সেই নিরপেক্ষতার প্রশ্ন তুলছে।
অতীতে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কোনো নির্বাচনে প্রার্থী হননি,সেই প্রথা বজায় রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি অভিযোগ করা হয়, কিছু উপদেষ্টা নিজেদের সম্ভাব্য নির্বাচনী এলাকায় বিশেষ উন্নয়ন বরাদ্দ নিচ্ছেন, যা সরকারি অর্থের অপব্যবহার হিসেবে গণ্য হতে পারে।
জাতীয় নাগরিক জোট দাবি জানিয়েছে, কোনো উপদেষ্টা যেন নির্বাচনে প্রার্থী হতে না পারেন,এমনকি পদত্যাগের পরও নয়। স্মারকলিপিতে এ বিষয়ে সাংবিধানিক নীতিমালা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়।






