বাংলাদেশের প্রধান রপ্তানি উপার্জনকারী টেক্সটাইল ও তৈরি পোশাক খাতকে বিশ্ববাজারে আরও শক্তিশালী, উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) যৌথভাবে এক ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছে।
আজ (৪ আগস্ট, ২০২৬) দুপুর ১২:০০ ঘটিকায় গুলশান ক্লাবের ‘ক্রিস্টাল প্যালেস’ মিলনায়তনে “Bangladesh International Textile and Apparel Machinery Exhibition (BITMA)” নামে একটি আন্তর্জাতিক মেলা আয়োজনের জন্য দুই সংগঠনের মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিটিএমএ সভাপতি জনাব শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএ সভাপতি জনাব মাহমুদ হাসান খান।
বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে এই যৌথ উদ্যোগ বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। এই মেলার মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে অত্যাধুনিক যন্ত্রপাতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সংযোজন, ফ্যাশন ট্রেন্ড প্রদর্শন, নেটওয়ার্কিং, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, স্থায়িত্ব (sustainability), বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারিত্ব সহজতর করা। এর মাধ্যমে বাংলাদেশকে টেকসই টেক্সটাইল ও তৈরি পোশাক উৎপাদনের একটি বিশ্বব্যাপী স্বীকৃত হাব হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
বিটিএমএ ও বিজিএমইএ-এর যৌথ পরিকল্পনা ও ব্যবস্থাপনায় প্রতি বছর ঢাকায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলা আয়োজনকারী প্রতিষ্ঠানের সহায়তায় BITMA প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে, যা অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই ফ্যাশন ধারার এক অভূতপূর্ব সমন্বয় ঘটাবে বলে আশা করা হচ্ছে।
প্রদর্শনীর পরিচালনা, কৌশলগত সিদ্ধান্ত ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি শক্তিশালী যৌথ কমিটি গঠন করা হবে, যেখানে বিটিএমএ ও বিজিএমইএ-এর ৫ জন করে সম-প্রতিনিধিত্ব থাকবে।
কমিটির চেয়ারম্যানশিপ প্রতি বছর দুই সংগঠনের মধ্যে পর্যায়ক্রমে আবর্তিত হবে। প্রথম বছর বিটিএমএ থেকে চেয়ারম্যান এবং বিজিএমইএ থেকে কো-চেয়ারম্যান মনোনীত হবেন।
প্রদর্শনী থেকে অর্জিত নিট লভ্যাংশ যৌক্তিক অনুপাতে বণ্টন করা হবে। বিটিএমএ ও বিজিএমইএ-এর যৌথ ব্যবস্থাপনায় BITMA আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতকে একটি ভিন্ন মাত্রায় স্থান করে নিতে সক্ষম হবে বলে উভয় সংগঠনের নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।







