ভোলার চরফ্যাশনে আদালত প্রাঙ্গণে এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরনের উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন করে চরফ্যাসন উপজেলা আইনজীবী সমিতি।
১০ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় চরফ্যাসন আদালত চত্বরে মানববন্ধন করেন আইনজীবী সমিতির সকল আইনজীবীরা।
মানববন্ধনে আইনজীবীরা বলেন জিার ৫২ /২০২৫ নং মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সজীব শাহরিয়ার গত ৮ ডিসেম্বর দুপুর ২টায় কতিপয় সন্ত্রাসী নিয়ে এডিশনাল পিপি হযরত আলী হিরনের উপর হামলা করে এ হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদেরকে অনতিবিলমে গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট ছিদ্দিক মাতাব্বর, এডভোকেট তরিকুল ইসলাম, এডভোকেট সালাউদ্দিন, এডভোকেট মাইনুল ইসলাম নাবিল সরমান, এডভোকেট রায়হান, এডভোকেট মহিবুল্লাহ প্রমুখ।
এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ বলেন, ৮ ডিসেম্বর সোমবার দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদে ইউএনও’র সাথে একটি মিটিং শেষে এডিশনাল জিপি এডভোকেট ছিদ্দিক মাতাব্বর বের হলে সেখানে উপস্থিত নজরুল নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজীব শাহরিয়ার এডিশনাল জিপিকে বলে, তুই আমাকে মামলায় দিয়েছিস আমি তোকে দেখে নেবো। এডিশনাল জিপি সেখানে আমাকে ঘটনাটি জানালে আমি আমাদের নিরাপত্তার স্বার্থে পুলিশকে খবর দেই। পুলিশ এসে আদালত চত্বর থেকে নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজিবকে তার বিরুদ্ধে থাকা চাঁদাবাজির মামলায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত সজীবকে ছাড়াতে বিএনপির কয়েকজন নেতা তাৎক্ষণিক আমাকে অনুরোধ করে। আমি তাদেরকে বলে দেই চাঁদাবাজির মামলা গ্রেফতার হওয়া সজীবকে ছাড়াতে আমার সক্ষমতা নেই। কারণ এটি সম্পূর্ণ আদালতের বিষয়। ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে আমার বাসায় গিয়ে আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেয়। তারা আমার চেম্বার এ গিয়েও হামলা করে। আমি ঘটনা শুনে বাসায় যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আমার উপর হামলা, মারধর করে আমার টাকা পয়সা,হাত ঘড়ি ছিনিয়ে নেয়।
এডভোকেট হযরত আলী হিরন আরো জানান, তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন। মুজিব নগর ইউনিয়নের জমি বিরোধের জেরে প্রতিপক্ষকে মারধর, চাঁদা দাবীর অভিযোগে দায়েরকৃত মামলার ২নম্বর আসামী সজিব। বিগত ২৩নভেম্বর উপজেলার শশীভূষন থানার চরকলমী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হাকিমের ছেলে নাছির উদ্দিন বাদী হয়ে সজিবসহ ৯জনকে আসামী করে দুলারহাট থানায় মামলাটি দায়ের করেন।
চরফ্যাশন থানার পুলিশ পরিদর্শক ( ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ) খলিলুর রহমান বলেন, প্রধান আসামীকে চরফ্যাশন উপজেলা চত্বর থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। অন্যান্য আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।






