লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৩নং চর লরেঞ্চ ইউনিয়নকে মামলা-হামলা ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক, শিক্ষিত এবং জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী সাংবাদিক জায়েদ হোসেন।
সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি তার নির্বাচনী ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। সাংবাদিক জায়েদ হোসেন জানান, নির্বাচিত হলে দলমত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে তিনি কাজ করবেন। ইউনিয়ন পরিষদের প্রতিটি সেবায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
এলাকার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে নতুন সড়ক নির্মাণ এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট স্থাপন করা হবে। একই সাথে ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সামাজিক শৃঙ্খলা রক্ষার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জায়েদ হোসেন জানান, চর লরেঞ্চ ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ সমাজ হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর।
উল্লেখ্য, মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে নদীভাঙন রোধে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পারিবারিক পরিচিতি তুলে ধরে জানা যায়, তার বর্তমান বাড়ি কমলনগর উপজেলার ৩নং চর লরেঞ্চ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এবং পূর্বের বাড়ি ছিল কাদিরপন্ডিতের হাট বাজারের হাবিব উল্যা মুন্সি বাড়ি।
একটি উন্নত ও মানবিক ৩নং চর লরেঞ্চ ইউনিয়ন বিনির্মাণের লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সাংবাদিক জায়েদ হোসেন।







