ফয়জুল ইসলাম
স্বদেশ বিচিত্রা
ডিজিটাল যুগে প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সাইবার অপরাধের ঝুঁকি। অনলাইন প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকিং কিংবা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা—সব ক্ষেত্রেই সচেতনতা এখন সময়ের দাবি। আর এই সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের লক্ষ্যে কাজ করছে ন্যাশনাল ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ক্লাবের সদস্য প্রতিষ্ঠান ডক্টর মালিকা কলেজের সাইবার সিকিউরিটি ক্লাব। এই ক্লাবের নেতৃত্বে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী আরিফ ও মারুফ।
শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ডক্টর মালিকা কলেজের সাইবার সিকিউরিটি ক্লাব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ক্লাবের সঙ্গে যুক্ত থেকে শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে আগ্রহ তৈরি এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার সুযোগ তৈরি হচ্ছে।
এই ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফ, সেক্রেটারি মাকসুদা জান্নাত সাম্য।ক্লাবের আইটি হেড হিসেবে দায়িত্বে রয়েছেন একই বিভাগের শিক্ষার্থী মারুফ। রাষ্ট্রবিজ্ঞানের মতো একটি বিষয়ে পড়াশোনা করেও সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তির প্রতি তাঁদের আগ্রহ তরুণদের বহুমুখী দক্ষতা অর্জনের একটি ইতিবাচক দৃষ্টান্ত।
বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অসতর্ক ক্লিক, অপরিচিত লিংক কিংবা দুর্বল পাসওয়ার্ডের কারণে ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য ও গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট। তাই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি, প্রযুক্তি সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারের মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে সাইবার সিকিউরিটি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।




