, ,

শিরোনাম: তেরখাদায় গাঁজা-ইয়াবা ব্যবসা: উঠতি বয়সের যুবকদের নেশার জগতে ঠেলে দিচ্ছে ‘কালা হাসান’

নিউজটি শেয়ার করুন

খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের কুখ্যাত গাঁজা ব্যবসায়ী হাসান ওরফে ‘কালা হাসান’ এর বিরুদ্ধে এলাকায় মাদক ছড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে।

হাসান ওরফে কালা হাসান, পিতা: মৃত জয়নাল চৌধুরী, গ্রাম: মল্লিকপুর, থানা: তেরখাদা। অভিযোগ রয়েছে, সে দীর্ঘদিন ধরে এলাকার উঠতি বয়সের যুবকদের হাতে গাঁজা ও মরণ নেশা ইয়াবা সরবরাহ করে আসছে। এ অবৈধ ব্যবসার মাধ্যমে প্রতিদিন হাজার হাজার টাকা আয় করছে সে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও মোকামপুর ক্যাম্পের সদস্যরা কয়েকবার হাসান ওরফে কালা হাসানকে আটক করেছিল। তবে পরবর্তীতে অর্থের বিনিময়ে সে ছাড়া পেয়ে যায় বলে অভিযোগ।এ বিষয়ে এলাকার বাসিন্দা আজিজুল হাকিম সাংবাদিকদের জানান, “প্রতিদিন সন্ধ্যার পর নদীর কূলে একটি ঝুপড়ি ঘরে গাঁজার আসর বসায় হাসান। মাঝে মাঝে বিলের পাশে ২০ থেকে ৩০ জন যুবক দলবদ্ধভাবে মাদক সেবন করে।”

গোপন সূত্র ও স্থানীয়দের অভিযোগ, হাসানের মা হাফেজা বেগম বিভিন্ন জায়গা থেকে গাঁজা কিনে ছেলের কাছে সরবরাহ করেন। সেই গাঁজা বিক্রি করেই তাদের সংসার চলে।এলাকাবাসীর আশঙ্কা, এভাবে গাঁজা বিক্রি বন্ধ করা না গেলে মল্লিকপুর ও আশপাশের এলাকার যুবসমাজ দ্রুত নেশাগ্রস্ত হয়ে ধ্বংসের মুখে পড়বে।

এলাকাবাসীর দাবি: মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। মাদক ব্যবসার সাথে জড়িত হাসান ওরফে কালা হাসানসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।