৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনকে জরাজীর্ণ দেখিয়ে অপসারণের চেষ্টা, বিদ্যালয়ের প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ
ভোলার লালমোহনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ভুয়া সরকারি আদেশ তৈরির মাধ্যমে ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইতলা ভবন ভেঙে ফেলার পাঁয়তারা করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। ভবনটিকে জরাজীর্ণ ও পরিত্যক্ত দেখিয়ে অপসারণের উদ্যোগ নেওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেসকারহাট এলাকায় অবস্থিত ১৭৩ নম্বর পূর্ব গাইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইতলা ভবনটি ২০১৮ সালে প্রায় ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এর ছয় বছর পর, ২০২৪ সালে একই স্থানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে আরও একটি তিনতলা ভবন নির্মাণ করা হয়। তবে দুটি ভবনের আয়তন ও শ্রেণিকক্ষের তুলনায় বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা পর্যাপ্ত নয় বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে ২০১৮ সালে নির্মিত ভবনটিকে জরাজীর্ণ ও পরিত্যক্ত দেখিয়ে ভেঙে ফেলার তৎপরতা শুরু হয় বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে ভবন অপসারণের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেকের স্বাক্ষর জাল করে গত ২২ জুন ২০২৬ তারিখে একটি আদেশ তৈরি করা হয়। যার স্মারক নম্বর-৭৩৬।
অভিযোগ অনুযায়ী, ওই আদেশে ভবন ভাঙার টেন্ডারগ্রহীতা ও ঠিকাদার হিসেবে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের কাছে অনুলিপি পাঠানোর কথা উল্লেখ রয়েছে। সম্প্রতি ভবনটি ভেঙে ফেলার প্রস্তুতি নেওয়া হলে বিষয়টি জানাজানি হয় এবং স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তবে আদেশে ব্যবহৃত স্বাক্ষরটি তাঁর নয়। তাঁর ধারণা, কোনো একটি চিঠি থেকে তাঁর স্বাক্ষর সংগ্রহ করে স্ক্যানের মাধ্যমে জালিয়াতি করে ভুয়া আদেশ তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, পূর্ব গাইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, সম্প্রতি বদলি হওয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহে আলম বিদ্যালয়টি পরিদর্শনে এসে ভবনটি সরিয়ে ফেলার বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছিলেন। তবে ভবনটি ভাঙার জন্য কোনো টেন্ডার হয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন।
প্রধান শিক্ষক আরও অভিযোগ করেন, এরই মধ্যে কতিপয় ব্যক্তি বিদ্যালয়ের স্টিলের রেলিং, প্রায় দেড় লাখ টাকা মূল্যের সাবমার্সিবল টিউবওয়েল, আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জামসহ আনুমানিক পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। দিনের বেলায় বিদ্যালয়ের কার্যক্রম চললেও রাতে সেখানে অসামাজিক কর্মকাণ্ডের আসর বসে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতেও অনেকে ভয় পান বলে জানান প্রধান শিক্ষক।
এদিকে, ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর নামে ভবন ভাঙার আদেশ তৈরি করা হয়ে থাকলে কে বা কারা তা করেছে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। প্রয়োজনে এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।
এদিকে, বিভিন্ন সূত্রের দাবি, লালমোহন উপজেলার আনিচল মিয়ারহাট এলাকার একটি চক্র উপজেলা শিক্ষা অফিসকে ম্যানেজ করে সম্প্রতি সাত থেকে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভেঙে নিয়ে গেছে। অভিযোগ রয়েছে, এসব ভবনের কয়েকটির নির্মাণকালও খুব বেশি পুরোনো নয়।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি অর্থে নির্মিত তুলনামূলক নতুন বিদ্যালয় ভবন কীভাবে জরাজীর্ণ বা পরিত্যক্ত হিসেবে চিহ্নিত হলো? ইউএনওর স্বাক্ষর জাল করে সরকারি আদেশ তৈরির পেছনে কারা জড়িত এবং বিদ্যালয়ের মূল্যবান মালামাল কারা নিয়ে গেল—এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।







