যশোরের কেশবপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় ধাক্কায় একটি হনুমানের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার অনন্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত থেকে জানা যায়, সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় হনুমানটি গুরুতর আহত হয়। পরে প্রাণ হারায় প্রাণীটি। এ সময় প্রত্যক্ষদর্শী এক নারী জানান, মোটরসাইকেলের আঘাতেই হনুমানটির মৃত্যু হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।
পরে হনুমানটির নিথর দেহ উদ্ধার করে কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়।
এদিকে কেশবপুরের কালোমুখো হনুমানগুলোর খাদ্যপ্রাপ্তি ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। খাবারের সন্ধানে অনেক হনুমান বিভিন্ন বাসাবাড়িতে প্রবেশ করে গাছের ফলমূল ও শাকসবজি খাচ্ছে। এমনকি খাবারের খোঁজে বিভিন্ন দোকানের ভেতরেও ঢুকে পড়ছে তারা। এতে একদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষয়ক্ষতি ও ভোগান্তির শিকার হচ্ছেন, অন্যদিকে খাদ্যের সন্ধানে হনুমানগুলোকেও বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে হচ্ছে।
ঘটনাস্থলের পাশেই বসবাসকারী শাহেদা জান্নাতুল মাওয়া জানান, রোববার সকাল ৯টা থেকে হনুমানের দুটি দলের মধ্যে মারামারি চলছিল। এতে তাঁর বাড়ির ছাদের গাছপালাসহ বিভিন্ন জিনিসপত্রের ক্ষতি হয়েছে। তাঁর বাড়িতে প্রায়ই হনুমান এসে গাছপালার ক্ষতি করে। এমনকি তাদের কারণে বাড়ির ফলমূল ও শাকসবজিও ঠিকমতো খেতে পারেন না তাঁরা।
তিনি বলেন, ‘ওদের কর্মকাণ্ডে রাগ হয়, তবুও তারা অবলা প্রাণী। ক্ষুধার কারণে যেখানে-সেখানে ঘুরে বেড়ায় এবং মানুষের বাড়িঘরের ক্ষতি করে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খাবার সরবরাহ করা হলে আমাদেরও উপকার হতো। প্রশাসন চাইলে আমাদের কাছ থেকেও নিজেদের দায়িত্বে খাবার কিনে দিয়ে যেতে পারে। আমরা সেগুলো হনুমানদের খাওয়াচ্ছি কি না, তা তারা পর্যবেক্ষণ করতে পারে।’
হনুমানগুলোর জন্য নিয়মিত খাবার সরবরাহের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
উল্লেখ্য, কেশবপুর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের জন্য পরিচিত। বিশেষ করে কালোমুখো হনুমানের অবাধ বিচরণের কারণে এ উপজেলার রয়েছে বিশেষ পরিচিতি। তবে সড়কে যানবাহনের বেপরোয়া গতি, খাদ্যপ্রাপ্তির অনিশ্চয়তা এবং মানুষের বসতবাড়িতে হনুমানের প্রবেশ—সব মিলিয়ে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সহাবস্থান নিয়েও প্রশ্ন উঠছে।
এ অবস্থায় হনুমানগুলোর খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা, তাদের বিচরণক্ষেত্র ও আবাসস্থল সংরক্ষণ এবং সড়কে নিরাপদ চলাচলের পরিবেশ তৈরিতে বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি হনুমানের বিচরণ রয়েছে এমন সড়কগুলোতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে চালকদের সচেতন হতে হবে।
প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কমানোও জরুরি। পরিকল্পিতভাবে খাদ্য সরবরাহ ও সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করা গেলে মানুষ ও হনুমানের মধ্যে সহাবস্থান আরও সহজ হতে পারে।







