মানবাধিকার সংরক্ষণ, সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে ২০টি ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক ও বিশেষ সম্মাননা প্রদান করতে যাচ্ছে জাতীয় পত্রিকা মানবাধিকার খবর। পত্রিকাটির ১৪ বছর পূর্তি এবং বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর আয়োজন করা হবে ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডস-২০২৬’। এ উপলক্ষে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন আহ্বান করেছে আয়োজক কর্তৃপক্ষ।
রবিবার (৮ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের হোটেল প্রীতমের সুরমা রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রিয়াজ উদ্দিন।
আয়োজকরা জানান, এবারের আয়োজনে স্বাস্থ্য ও চিকিৎসা, শিক্ষা ও সাহিত্য, কৃষি, ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, মানবাধিকার রক্ষায় ব্যক্তি ও প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, পরিবেশ সংরক্ষণ, শিল্প উদ্যোক্তা, ক্রীড়া ব্যক্তিত্ব, সংগীত, অভিনয়, উপস্থাপনা, নারী উদ্যোক্তা, মডেল, আবৃত্তি, কনটেন্ট ক্রিয়েটর, শান্তি প্রতিষ্ঠায় অবদান, সমাজসেবা এবং রূপসজ্জা ও ফ্যাশন ডিজাইন—এই ২০টি ক্যাটাগরিতে পদক ও বিশেষ সম্মাননা দেওয়া হবে।
নিজ নিজ কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আবেদনের সময় তাঁদের কাজের বিস্তারিত বিবরণ জমা দিতে হবে। পাশাপাশি দেশ-বিদেশের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছ থেকে স্পন্সরশিপ সহযোগিতাও আহ্বান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সাবেক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) সরদার তমিজউদ্দীন আহমেদ, সাবেক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক খ. ম. হারুন, নাট্য অভিনেতা শংকর সওজাল এবং জাতীয় দৈনিক স্বদেশ সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক নিজাম উদ্দীনসহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, ১৪ বছর পূর্তি ও বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ সভা (এজিএম), সংবাদ সম্মেলন, আলোচনা সভা, বিশিষ্টজনদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রথম আলো ও মানবাধিকার খবরের কলকাতা প্রতিনিধির সাংবাদিকতা জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে পত্রিকার সম্পাদকের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, মানবাধিকার, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এ আয়োজনে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা, মানবাধিকারকর্মী এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।








