মোঃ শফিউল আলম রাশেদ, ঝালকাঠী জেলা প্রতিনিধি: ঝালকাঠিতে মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছাত্রদল নেতা মোঃ মেহেদী হাসান সরদারকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানো এবং মামলার সাক্ষীদের মাধ্যমে তাঁকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
মেহেদী হাসান সরদার ঝালকাঠি সদর উপজেলার ৯ নম্বর শেখেরহাট ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি। তাঁর অভিযোগ, গুয়াটন গ্রামে মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করায় স্থানীয় কিছু মাদক কারবারি সংঘবদ্ধভাবে তাঁকে দমিয়ে রাখার চেষ্টা করছে।
সম্প্রতি এ বিষয়ে দৈনিক গাউছিয়া পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
আদালতের নথিপত্র ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, গুয়াটন গ্রামের মৃত মোনতাজ উদ্দিনের ছেলে মেহেদী হাসান দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। সম্প্রতি তিনি স্থানীয় মাদক কারবারিদের কথিত অপতৎপরতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন।
মেহেদী হাসানের দাবি, তাঁর এ ধরনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজন পাইকারি ও খুচরা মাদক কারবারি তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে সংঘবদ্ধ হন। এরই ধারাবাহিকতায় গুয়াটন গ্রামের নুরুল ইসলাম সরদারের মেয়ে মোসা. মরিয়ম সরদারকে দিয়ে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
ছাত্রদল নেতার অভিযোগ, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। মামলার সাক্ষী হিসেবে চুন্নু তালুকদার, নুরুদ্দিন সরদার ও মামুন হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, প্রতারণা ও মাদকসংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন তিনি। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
মেহেদী হাসান আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে মামলার সাক্ষী হিসেবে উল্লেখিত ব্যক্তিরা তাঁকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। মাদকবিরোধী কর্মকাণ্ড থেকে সরে না দাঁড়ালে তাঁকে আরও হয়রানির শিকার হতে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ছাত্রদল নেতা ও স্থানীয় সচেতন ব্যক্তিরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং মাদক ব্যবসা, হুমকি ও হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তাঁরা একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন।
তবে অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট আদালতের নথিপত্র পর্যালোচনা এবং নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে।







