শেখ ফরিদ উদ্দিন: সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নির্মাণাধীন ভবন নিয়ে প্রকাশিত কিছু সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই বিষয়ে আমার কোনো বক্তব্য গ্রহণ কিংবা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই না করেই সম্পূর্ণ একতরফাভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে। এটি সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার পরিপন্থী এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি অপচেষ্টা মাত্র।
প্রকৃত সত্য ও আইনি অবস্থান নিচে তুলে ধরা হলো:
জমির বৈধ মালিকানা ও লিজ: আলোচিত জমিটি ১৯৮৯ সালে তৎকালীন সরকারের সময় সরকারি বিধি-বিধান অনুসরণ করে সম্পূর্ণ বৈধভাবে লিজ গ্রহণ করা হয়। প্রথমদিকে লিজটি আমার ভাতিজার নামে থাকলেও, পরবর্তীতে পারিবারিক বৈধ বণ্টননামার মাধ্যমে জমিটির মালিকানা আমার নামে হস্তান্তরিত হয়। বর্তমানে আমি সেই বৈধ মালিকানা ও দেশের প্রচলিত আইন-কানুন অনুসরণ করেই নিজস্ব জমিতে নির্মাণকাজ পরিচালনা করছি।
দীর্ঘ ৩৭ বছরের ইতিহাস: লিজ গ্রহণের পর প্রায় ৩৭ বছর অতিবাহিত হলেও এই জমির লিজ, মালিকানা বা ব্যবহার নিয়ে কখনো কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি।
এলাকার অন্যান্য বহুতল ভবন: একই লিজকৃত এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক বহুতল ভবন নির্মিত রয়েছে এবং সেখানে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এমনকি এই লিজকৃত এলাকার মধ্যেই একটি ১১ তলা বিশিষ্ট বহুতল ভবন দীর্ঘদিন ধরে বিদ্যমান রয়েছে এবং সেখানে নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম চলছে। ফলে লিজকৃত জমিতে বহুতল ভবন নির্মাণ এই এলাকায় নতুন বা ব্যতিক্রমী কোনো বিষয় নয়। কিন্তু আইনসঙ্গতভাবে আমার নির্মাণাধীন ভবনটিকে কেন্দ্র করে একতরফা প্রচার চালানো জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার: সম্প্রতি আমি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব লাভ করার পর, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক প্রতিহিংসা ও ঈর্ষাবশত আমার দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। আমার নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে সাম্প্রতিক এই উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা সেই ষড়যন্ত্রেরই অংশ।
আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের প্রচলিত আইন, বিধি-বিধান ও প্রশাসনিক নির্দেশনা অনুসরণ করেই আমি আমার নির্মাণকাজ পরিচালনা করছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে যেকোনো নথিপত্র বা তথ্য যাচাইয়ের জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।
আমি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতি বিনীত অনুরোধ জানাই, কোনো সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য গ্রহণ, প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিও আহ্বান জানাচ্ছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য জনগণের সামনে উপস্থাপন করার জন্য।
পরিশেষে, সর্বসাধারণের প্রতি তিনি বিনীত আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হয়ে প্রকৃত তথ্য ও আইনগত নথিপত্র যাচাই করে মতামত গঠন করুন।
বিনীত,
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম
আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি
এবং সাবেক নির্বাচিত চেয়ারম্যান।






