নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় গবেষণার পরিধি বাড়ানোর আহ্বান
নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণার পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উচ্চ বিদ্যালয় মাঠে ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বিএআরআইয়ের অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক উপস্থাপনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বারির প্রধান কার্যালয়ে পৌঁছালে কৃষিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, কৃষি মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা পুলিশ সুপার এবং ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তাঁকে স্বাগত জানান। পরে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ‘বারি জিন ব্যাংক’ পরিদর্শন করেন। এ সময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং ইনস্টিটিউটের প্রযুক্তি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মতবিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষিবিজ্ঞানীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা কার্যক্রম জোরদার করার পাশাপাশি কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তাঁর বক্তব্যে ফসল সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং বাংলাদেশের কৃষিকে বিশ্ববাজারের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান।
বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এ সময় ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বিএআরআইয়ের অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক তথ্য-উপাত্ত উপস্থাপন করেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, কৃষিবিজ্ঞানী, বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।







