নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের উদ্যোগে আগামী ২৫ জুলাই (শনিবার) রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে দিনব্যাপী ১৮তম জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে কবি, সাহিত্যিক ও লেখকরা অংশ নেবেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন। সকাল ১০টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন দৈনিক যুগান্তর-এর সম্পাদক ও কবি আব্দুল হাই শিকদার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নুর হোসাইন। বিশেষ অতিথি থাকবেন মরমী কবি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি রোকন উদ্দিন রোকন।
সম্মেলনের মুখ্য সাহিত্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক নয়া দিগন্ত-এর সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের মহাপরিচালক ড. শাহেদ মন্তাজ।
আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী এই সম্মেলনে সাহিত্যবিষয়ক আলোচনা, কবিদের অংশগ্রহণে মতবিনিময় এবং বিকেলে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি-লেখকদের অংশগ্রহণে সম্মেলনটি সাহিত্যাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে সৃজনশীল চর্চা, পারস্পরিক মতবিনিময় এবং নতুন-প্রবীণ লেখকদের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলাই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।






