জবি প্রতিনিধি: পলি আক্তার: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো দেওয়া হলো ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’। অ্যাওয়ার্ডটি অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক। গবেষণায় তার বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
সোমবার, (২১ সেপ্টেম্বর) ২০২৬ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০১৮-২০১৯ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত বিভিন্ন বিভাগের মোট ৩৪ জন শিক্ষককে ‘Special Research Award’ অর্জনের জন্য সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে অধ্যাপক ড. ইমরানুল হকও রয়েছেন।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতির কথা বলে তিনি জানান, “এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। এ পুরস্কার ভবিষ্যতে আরও মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষণায় কাজ করার অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ ও পরিধি আরও বিস্তৃত হবে বলে আমি প্রত্যাশা করি।”
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য শুধু শিক্ষাদান ও ডিগ্রি প্রদান নয়; নতুন জ্ঞান সৃষ্টি করাও এর অন্যতম প্রধান দায়িত্ব।” গবেষণার মাধ্যমে শিক্ষকদের চিন্তার পরিসর বাড়ানো এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গবেষণাভিত্তিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে গবেষণায় প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ‘Special Research Award’ প্রদান করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। গবেষণার কোনো বিকল্প নেই এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গবেষণার পরিধি আরও বাড়াতে হবে।”
এ ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্তদের পাশাপাশি অন্যান্য শিক্ষক-কর্মকর্তাদেরও গবেষণায় আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান।
২০১৮-২০১৯ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত ‘Special Research Award’ অর্জনকারী ৩৪ শিক্ষকের মধ্যে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১১ জন, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১১ জন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৫ জন, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৫ জন, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ জন এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ জন রয়েছেন।
গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, অধ্যাপক, গ্রন্থাগারিক, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিবহন প্রশাসক ও ছাত্র উপদেষ্টাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষকরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। পরে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।







