, ,

প্রচলিত গণতন্ত্রে ৯৫ শতাংশ মানুষ শোষিত ও বঞ্চিত: সোনার বাংলা পার্টির সভাপতি

নিউজটি শেয়ার করুন

‘বর্তমানে প্রচলিত গণতন্ত্র হলো সমাজের কেবল উচ্চশ্রেণির স্বল্পসংখ্যক লোকের গণতন্ত্র। এই গণতন্ত্রের সুবিধাও ভোগ করে মোট জনসংখ্যার বড়জোর ৫ শতাংশ লোক। বাকিরা এতে শোষিত, বঞ্চিত ও প্রতারিত।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোনার বাংলা পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন সংগঠনের সভাপতি সৈয়দ হারুন–অর রশীদ। দলটি এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, ১৯৮০ -এর দশক থেকেই যুক্তরাষ্ট্র এই গণতন্ত্রকে অভিহিত করেছে লিবারেল ডেমোক্রেসি বলে। আগে শুধু ডেমোক্রেসি বলত। এতে গণতন্ত্রকে রূপ দেওয়া হয়েছে নির্বাচনতন্ত্রে। শিক্ষা ও সংস্কৃতির ধারণাকেও বদলে ফেলা হয়েছে।

সৈয়দ হারুন–অর রশীদ বলেন, এই গণতন্ত্রের পরিবর্তে আমরা চাই শতভাগ মানুষের গণতন্ত্র। তাতে সরকার গঠিত হবে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। শতভাগ মানুষের গণতন্ত্রকে আমরা জনগণের গণতন্ত্র বা ‘সর্বজনীন গণতন্ত্র’ বলেও অভিহিত করি। পৃথিবীর প্রায় সব দেশেই সর্বজনীন গণতন্ত্র অবলম্বন করে গড়ে তুলতে হবে নতুন জাতি রাষ্ট্র। আর আন্তরাষ্ট্রীয় সম্পর্ক ও বিশ্বব্যবস্থার ক্ষেত্রে গড়ে তুলতে হবে আন্তর্জাতিক ফেডারেল বিশ্ব সরকার। বিশ্ব সরকার হবে সব জাতি রাষ্ট্রের সরকারের ঊর্ধ্বতন এক সরকার।

তিনি আরও বলেন, বিশ্ব সরকারের কাজ হবে জাতিরাষ্ট্রগুলোর মধ্যে সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি করা। বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার বিরোধ মীমাংসা করা। পর্যায়ক্রমে যুদ্ধের আশঙ্কা দূর করা এবং আলোচনার মাধ্যমে আন্তরাষ্ট্রীয় সমস্যার সমাধান করা। রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠিত করতে হবে যাতে কোনো রাষ্ট্রেরই কোনো সেনাবাহিনী না থাকে এবং কেবল বিশ্বসরকারের কাছে একটি সেনাবাহিনী থাকবে। রাষ্ট্রকে গুরুত্ব দিয়ে সভ্যতা, সংস্কৃতি, সর্বজনীন কল্যাণ ও প্রগতির নীতি অবলম্বন করে চলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুন–অর–রশীদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, সমাজতান্ত্রিক দলের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, সোনার বাংলা পার্টির সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান চৌধুরী, মুস্তাফিজুর রহমান মুক্তা, ন্যাশনাল পলিটিকাল ক্লাবের প্রেসিডেন্ট অধ্যক্ষ মিন্টু, শেরে বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।