পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির উদ্যোগে প্রথমবারের মতো প্রকাশিত ‘প্রকৃতি’ বইটিতে পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ নিয়ে বিভিন্ন লেখকের লেখা স্থান পেয়েছে। পাশাপাশি রয়েছে পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের নানা আলোকচিত্র।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের জীববৈচিত্র্যের দিক থেকে পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এই অঞ্চলের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন উজাড় ও পাহাড় কাটা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা বাড়াতে হবে।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির প্রতিষ্ঠাতা সবুজ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এবং বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।







