, ,

নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত রিকশায় বিপর্যয়ের মুখে দেশ

নিউজটি শেয়ার করুন

সিসা দূষণে হুমকিতে শিশুদের ভবিষ্যৎ,

ধ্বংসের পথে বৈধ পরিবহন ও রাজস্ব ব্যবস্থা

বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশা এখন আর কেবল একটি বিকল্প বা অনানুষ্ঠানিক যানবাহন নয়—এটি পরিণত হয়েছে জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতির জন্য এক ভয়াবহ সংকটে। বিশেষ করে ২০২৫ সালে সরকারের অন্তর্বর্তীকালীন শাসনামলে কার্যকর নীতিমালা ও নিয়ন্ত্রণের অভাবে এসব রিকশার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ৬০ লাখ ছাড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে এর প্রভাব পড়ছে যানজট, দুর্ঘটনা, দূষণ এবং বৈধ পরিবহন ব্যবস্থার ওপর।

ঢাকার প্রধান সড়ক, সংযোগ সড়ক ও এমনকি মহাসড়কেও ধীরগতির ব্যাটারিচালিত রিকশার অবাধ চলাচলের ফলে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ছে, বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। সংশ্লিষ্টদের মতে, বড় সড়কে এ ধরনের যান চলাচল আইনগতভাবেই ঝুঁকিপূর্ণ হলেও বাস্তবে কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে পরিবেশ ও জনস্বাস্থ্যে। ব্যাটারিচালিত রিকশায় ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারি সাধারণত ৬ থেকে ৮ মাস পরপর পরিবর্তন করতে হয়। ফলে প্রতি বছর লাখ লাখ ব্যবহৃত ব্যাটারি পরিত্যক্ত হয়ে পরিবেশে বিপুল পরিমাণ সিসা (লেড) ছড়িয়ে দিচ্ছে। এই সিসা মাটি, পানি ও বাতাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিসা শিশু ও কিশোরদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে মারাত্মক ক্ষতি করে। দীর্ঘদিন সিসার সংস্পর্শে থাকলে শিশুর বুদ্ধিবৃত্তিক সক্ষমতা স্থায়ীভাবে কমে যেতে পারে। আরও উদ্বেগজনক বিষয় হলো সিসা মায়ের শরীরের মাধ্যমে মাতৃদুগ্ধে মিশে নবজাতকের শরীরে প্রবেশ করতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই অবস্থা অব্যাহত থাকলে দেশের আগামী প্রজন্ম মেধাগতভাবে গুরুতর সংকটে পড়বে।

ব্যাটারিচালিত রিকশার আরেকটি বড় সমস্যা হলো অবৈধ চার্জিং ব্যবস্থা। শহরের বিভিন্ন অলিগলি, আবাসিক ভবন ও বাণিজ্যিক এলাকায় লাইনের বাইরে সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে অতিরিক্ত লোড ও নিম্নমানের তারের কারণে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় চার্জিং সংযোগ থেকে আগুন লাগার ঘটনাও ঘটেছে, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি।

নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত রিকশার দাপটে ধ্বংসের মুখে পড়েছে দেশের বৈধ পরিবহন ব্যবস্থা। সিএনজি অটোরিকশা, মিনিবাস, প্রাইভেট কার, রাইড শেয়ারিং ও মোটরবাইক এর মতো লাইসেন্সপ্রাপ্ত যানবাহনের ব্যবহার ও ব্যবসা ক্রমেই কমে যাচ্ছে। এতে পরিবহন খাতে বিনিয়োগ হ্রাস পাচ্ছে, কর্মসংস্থান সংকুচিত হচ্ছে এবং সরকার কর, লাইসেন্স ও ফি বাবদ বিপুল অংকের রাজস্ব হারাচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, এই রাজস্ব ক্ষতি দেশের চলমান অর্থনৈতিক সংকটকে আরও গভীর করছে। পরিবহন ও জ্বালানি খাত থেকে সরকারের আয় কমে যাওয়ায় সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

এই প্রেক্ষাপটে পরিবেশবিদ, চিকিৎসক, নগর বিশেষজ্ঞ ও সচেতন নাগরিকরা মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে ঢাকা শহরের প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কঠোর অভিযান চালানো জরুরি। একই সঙ্গে বিকল্প কর্মসংস্থান, পরিকল্পিত গণপরিবহন সম্প্রসারণ এবং সুস্পষ্ট নীতিমালার আওতায় সীমিত ও নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থার ওপর জোর দিচ্ছেন তারা।

সচেতন মহলের মতে, জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতি রক্ষায় এখনই কার্যকর সিদ্ধান্ত না নিলে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত রিকশা সংকট ভবিষ্যতে দেশের জন্য এক অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।