, ,

নতুনব্রিজ এলাকায় মালিক সমিতি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বাকলিয়া নতুন ব্রিজ এলাকার গোলচত্বর ঘিরে যাত্রীবাহী বাস থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নতুন ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস প্রবেশ করলেই চালকদের কাছ থেকে নির্ধারিত হারে টাকা আদায় করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে চালকদের সঙ্গে অশোভন আচরণসহ বিভিন্ন ধরনের চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, নতুন ব্রিজ ট্রাফিক পুলিশ বক্সের আশপাশে কয়েকজন ব্যক্তি নিয়মিত গাড়িচালকদের কাছ থেকে টাকা সংগ্রহ করছেন। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ট্রাফিক পুলিশ বক্সের পাশের একটি চায়ের দোকানে ফারুক নামের এক ব্যক্তিকে চেয়ারে বসে গাড়িচালকদের কাছ থেকে ১০০ টাকা করে নিতে দেখা যায়। টাকা আদায়ের বিষয়ে ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, এটি কোনো চাঁদা নয়। তার ভাষ্য অনুযায়ী, এটি মালিক সমিতির প্রতিদিনকার নির্ধারিত অফিস ফি।
ফারুক আরও জানান, তিনি যে পটিয়া লাইনে দায়িত্ব পালন করেন, সেখানে প্রতিদিন প্রায় ১৫০টি গাড়ি থেকে ১০০ টাকা করে লাইন চার্জ আদায় করা হয়।

তবে নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন গাড়িচালক জানান, নতুন ব্রিজ এলাকায় প্রবেশের পর নির্ধারিত টাকা না দিলে তাদের বিভিন্নভাবে চাপের মুখে পড়তে হয়। কখনো অশোভন আচরণ, আবার কখনো নানা ধরনের হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেন তারা। এছাড়া নতুন ব্রিজ এলাকায় কথিত চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে স্থানীয় কয়েকটি পত্র-পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। তবে সংবাদ প্রকাশের পরও টাকা আদায়ের কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ফিটনেসবিহীন এবং বিভিন্ন কাগজপত্রের ঘাটতি থাকা গাড়িগুলো চাঁদার বিনিময়ে চলাচলের সুযোগ পাচ্ছে বলেও স্থানীয়দের অভিযোগ

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ কর্মকর্তা (টিআই) তুহিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মালিক সমিতির টাকা আদায়ের বিষয়ে তার কোনো তথ্য জানা নেই। তিনি আরও বলেন, এসব কথিত চাঁদা আদায়কারীর সঙ্গে তার কোনো যোগসাজশ নেই।

নতুন ব্রিজ এলাকার মতো গুরুত্বপূর্ণ সড়ক ও পরিবহনকেন্দ্রিক স্থানে গাড়িচালকদের কাছ থেকে প্রকাশ্যে টাকা আদায়ের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন ওঠে। সচেতন মহলের প্রশ্ন, ট্রাফিক পুলিশ বক্সের আশপাশে যদি নিয়মিতভাবে টাকা আদায়ের ঘটনা ঘটে থাকে, তাহলে তা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের বাধা কোথায়?