শফিক ইসলাম (দিনাজপুর), পার্বতীপুর প্রতিনিধি: নজরুল বর্ষ উদযাপন জাতীয় প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করে দিনাজপুর জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরব অর্জন করেছে পার্বতীপুর উপজেলার ‘খ’ বিভাগের প্রতিযোগী ললিতা রাণী দাশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রতিযোগিতায় সংগীতে অনন্য সাফল্য অর্জন করে ললিতা রাণী। সে পার্বতীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং বাংলাদেশ বেতার রংপুরের তালিকাভুক্ত শিশু শিল্পী।
ললিতা রাণী জাতীয় শিক্ষা সপ্তাহসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে অংশগ্রহণ করে একাধিকবার প্রথম স্থান অর্জন করেছে। এসব সাফল্যের পাশাপাশি বিভিন্ন সময়ে সম্মাননা ও পদকেও ভূষিত হয়েছে প্রতিভাবান এই শিক্ষার্থী।
ললিতা রাণীর শিক্ষাগুরু ও সংগীত শিক্ষক মোশাহেদুল হক মিলন বলেন, “সন্তানতুল্য ছাত্রী ললিতা রাণীর এই অনন্য সাফল্যে আমি গর্বিত। তার নিরলস সাধনা, শুদ্ধ সাংস্কৃতিক চর্চা, সভ্যতা ও আদর্শের মধ্য দিয়ে সে স্বর্গীয় পণ্ডিত তমাল কান্তি লাহিড়ীর মর্যাদা অক্ষুণ্ণ রাখবে—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “সংগীতে একজন সাধারণ শিক্ষক হিসেবে আমি তাকে যতটুকু শিক্ষা দিতে পেরেছি, আশা করি সে তা নিষ্ঠার সঙ্গে ধারণ ও চর্চা করবে। শিক্ষা ও সংস্কৃতির শুদ্ধ চর্চার মাধ্যমে সে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে দেশ একজন গুণী সংগীতশিল্পী পাবে।”
ললিতা রাণীর এই সাফল্যে পার্বতীপুরের সাংস্কৃতিক অঙ্গন, শিক্ষক-শিক্ষিকা এবং সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তার আগামী দিনের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
প্রতিযোগিতায় দায়িত্ব পালনকারী সম্মানিত বিচারকমণ্ডলীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ললিতা রাণীর শিক্ষাগুরু ও সংগীত শিক্ষক মোশাহেদুল হক মিলন।







