, ,

দাউদকান্দিতে ক্রয়কৃত জমি দখলের অভিযোগ।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লার দাউদকান্দিতে ক্রয়কৃত দুই শতক জমি দখলে বাধা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে আপন ভাই ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জসিম উদ্দীন (৬০) দাউদকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি নম্বর-৪১২, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার মালিগাঁও (ভূঁইয়া বাড়ি) এলাকার বাসিন্দা জসিম উদ্দীন বৈধ দলিলের মাধ্যমে তাঁর দুই বোনের কাছ থেকে দুই শতক জমি ক্রয় করেন। জমিটির নামজারি ও অন্যান্য কাগজপত্র হালনাগাদ রয়েছে বলে তিনি দাবি করেন। তবে তাঁর আপন ভাই মুকবুল হোসেন (৬৪), ভাতিজা নুরুল ইসলাম (৩৩), খলিল (২২), আলামিন (৪০)সহ কয়েকজন দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।
জসিম উদ্দীনের অভিযোগ, বিবাদীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর বিরুদ্ধে মাদক ও গাঁজাসংশ্লিষ্টতার মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে তাঁরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ক্রয়কৃত জমিতে প্রবেশে বাধা দেন। এ সময় তাঁকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে তাঁর ও পরিবারের সদস্যদের ক্ষতির আশঙ্কার কথাও তিনি জানিয়েছেন।
ভুক্তভোগী জসিম উদ্দীন বলেন, “কষ্টার্জিত টাকা দিয়ে জমি কিনেও আমি তা ভোগদখলে যেতে পারছি না। আপন ভাই ও তাঁর পরিবারের সদস্যরা অন্যায়ভাবে জমিটি দখল করে রেখেছেন। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
দাউদকান্দি থানার ডিউটি অফিসার জানান, জসিম উদ্দীনের লিখিত আবেদনের ভিত্তিতে সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।