চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব ডোংরা (শাহ পলোয়ান পাড়া) এলাকায় গৃহবধূ মুনমুন আক্তারকে নির্যাতনের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত মহসিন সিকদার মানিক ও তাঁর মা লুৎফর নাহারের পরিবারের সদস্যরা।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেছেন মহসিনের বোন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্যের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করেন, মহসিন সিকদার মানিক ও তাঁর মা লুৎফর নাহারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের যে অভিযোগ প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। তাঁদের দাবি, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।
লিখিত ও মৌখিক বক্তব্যে তাঁরা বলেন, তাঁদের বিরুদ্ধে প্রচারিত অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল নেই। এসব প্রচারণার কারণে পরিবারটি সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি মানসিক চাপের মধ্যে রয়েছে। তাঁরা প্রকৃত ঘটনা যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধের দাবি জানান তাঁরা। এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের পূর্ব ডোংরা এলাকায় গৃহবধূ মুনমুন আক্তারকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে তাঁর স্বামী মহসিন সিকদার মানিক ও শাশুড়ি লুৎফর নাহানের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় মুনমুন আক্তার আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল।
এর একদিন পর বৃহস্পতিবার অভিযুক্ত মহসিন সিকদার মানিক ও তাঁর মায়ের পরিবারের পক্ষ থেকে পাল্টা সংবাদ সম্মেলন করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়। এতে তাঁরা নিজেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে আপত্তি তুলে ধরে প্রকৃত ঘটনা যাচাইয়ের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।







