, ,

তরুণদের জন্য রবির নতুন অধ্যায়

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের তরুণদের মধ্যে অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করবে বলে ঘোষণা করেছে রবি আজিয়াটা পিএলসি। এর মধ্য দিয়ে ১৬ বছরের আস্থা, সংযুক্ততা ও অর্থবহ গ্রাহকসংযোগের যাত্রা নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। এই পরিবর্তনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্কে কোনো পরিবর্তন আসছে না। এয়ারটেলের সকল গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহকে পরিণত হবেন।

গ্রাহকদের বিদ্যমান ০১৬ নম্বর, সেবা, প্যাকেজ ও ব্যালেন্স আগের মতোই বহাল ও সচল থাকবে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না। এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক ঐতিহ্যের শক্তিকে ভিত্তি করে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিশ্বমুখী ও প্রযুক্তিনির্ভর সুবিধার অঙ্গীকার নিয়ে আসছে ‘সার্কেল’।

সোমবার (১৭ আগস্ট) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি। অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াদ সাত্তার বলেন, “১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই যাত্রেরই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম বদলালেও আমাদের মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। সার্কেল এয়ারটেলের সেই যাত্রার পরবর্তী বিবর্তন। এই নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ে এয়ারটেলের স্বতন্ত্র অবস্থানকে এগিয়ে নিতে পেরে আমরা গর্বিত।”
‘সার্কেল’-এর ব্র্যান্ড প্রতিশ্রুতি হচ্ছে— ‘চলুক সংযোগ, সবসময় সচল।’ এই প্রতিশ্রুতি তরুণদের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকার অঙ্গীকারের প্রতিফলন। বিনোদন ও গেমিং থেকে শুরু করে কনটেন্ট তৈরি এবং প্রতিদিন তরুণরা যেসব ডিজিটাল পরিসরে যুক্ত থাকেন, সেসব ক্ষেত্রে নির্ভরযোগ্য সংযোগ ও সমৃদ্ধ ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে ব্র্যান্ডটির।