, ,

জনশক্তি প্রেরণে সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা: বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

বিদেশে জনশক্তি প্রেরণে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ নভেম্বর, বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বায়রার সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব রিয়াজ-উল-ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের প্যানেল প্রধান জনাব শফিকুর রহমান কিরণ এমপি। তিনি বলেন, প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির মূল ভিত্তি। অথচ নানা অনিয়ম, হয়রানি ও নীতিগত জটিলতার কারণে বৈধ এজেন্সিগুলো আজ ব্যবসা করতে পারছে না। অনেক সদস্য ব্যবসা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। জনশক্তি খাতকে বাঁচাতে হলে সব বৈধ এজেন্সিকে সমান সুযোগ দিতে হবে। ব্যবসা বঞ্চিতদের দুর্দশা লাঘবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জনাব সাইদ আহমেদ আসলাম এমপি। তিনি বলেন, সরকার জনশক্তি রপ্তানিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিদেশে দক্ষ কর্মী পাঠাতে পারলে দেশের ভাবমূর্তি বাড়বে, রেমিট্যান্সও বাড়বে। এজন্য বায়রার সঙ্গে সরকারের সমন্বয় আরও জোরদার করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি। তিনি বলেন, বিদেশে কর্মী প্রেরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রতারণা বন্ধ করা জরুরি। বৈধ পথে কর্মী গেলে কর্মীও নিরাপদ থাকবে, দেশও লাভবান হবে। সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে এ খাত আন্তর্জাতিক মানে উন্নীত হবে। সভায় আরও বক্তব্য রাখেন বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের মহাসচিব পদপ্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আইয়ুব আলী ফরায়েজী। তারা বলেন, সদস্যদের অধিকার রক্ষায় ফ্রন্ট সবসময় মাঠে থাকবে। ব্যবসা বঞ্চিত সদস্যদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তাদের ব্যবসা ফিরিয়ে দিতে হবে। সভায় উপস্থিত নেতারা ঐক্যবদ্ধভাবে আহ্বান জানান, সকল বৈধ এজেন্সির ব্যবসা করার সুযোগ চাই, ব্যবসা বঞ্চিত সদস্যদের দুর্দশার লাঘব চাই। সরকার, বায়রা ও অংশীজনদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জনশক্তি রপ্তানি খাতকে আরও স্বচ্ছ, নিরাপদ, আধুনিক ও গতিশীল করা সম্ভব। এতে দেশের অর্থনীতি শক্তিশালী হবে, কর্মসংস্থান বাড়বে এবং বিদেশে বাংলাদেশি কর্মীদের মর্যাদা আরও উজ্জ্বল হবে। সভায় বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সকল প্রার্থী ও সহস্রাধিক এজেন্সি মালিক উপস্থিত ছিলেন।