দিনাজপুর জেলা ব্যুরো প্রধান: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় শিশু-কিশোর ও তরুণদের সাঁতারে দক্ষ করে তোলা এবং পানিতে ডুবে দুর্ঘটনাজনিত মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৬-২০২৭-এর আওতায় জেলা ক্রীড়া অফিস, দিনাজপুরের উদ্যোগে ৩ নভেম্বর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। বিশেষ অতিথি ছিলেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
কর্মশালায় সাঁতারের প্রয়োজনীয়তা, পানিতে নিরাপদে চলাচল, সাঁতারের মৌলিক কৌশল এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সাঁতার শুধু একটি জনপ্রিয় ক্রীড়া নয়, এটি জীবন রক্ষারও অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা। বিশেষ করে নদী, খাল, বিল ও পুকুরবেষ্টিত বাংলাদেশের গ্রামীণ জনপদে সাঁতার শেখার গুরুত্ব অপরিসীম। প্রতিবছর পানিতে ডুবে শিশুদের মৃত্যুর ঘটনা পরিবার ও সমাজের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এ বাস্তবতায় প্রাতিষ্ঠানিকভাবে সাঁতার প্রশিক্ষণের এ ধরনের উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত ও পরিকল্পিত প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সাঁতারের প্রতি আগ্রহ সৃষ্টি, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং পানিতে দুর্ঘটনা মোকাবিলায় প্রয়োজনীয় সচেতনতা গড়ে তোলা সম্ভব।
১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে বাস্তবায়িত হলে চিরিরবন্দর উপজেলার প্রশিক্ষণার্থীরা সাঁতারের মৌলিক দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মরক্ষার ক্ষেত্রেও উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
জেলা ক্রীড়া অফিস, দিনাজপুর এ কর্মশালার আয়োজক।







