, ,

চট্টগ্রামে ‘উপকূল সাংস্কৃতিক ফোরাম’-এর নতুন কমিটির অভিষেক ২৫ জুলাই

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি চর্চা, গুণীজন সম্মাননা এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রামে উপকূল সাংস্কৃতিক ফোরাম নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ২৫ জুলাই (শনিবার) বিকেল ৪টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেকের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের গুণীজন সম্মাননা প্রদান এবং একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদী সম্পাদক আবদুল মালেক। প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপকূল সাংস্কৃতিক ফোরাম, চট্টগ্রামের প্রধান উপদেষ্টা, লেখক ও সমাজচিন্তক মোহাম্মদ কামরুল ইসলাম।

উপকূল সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, গীতিকবি, আবৃত্তিশিল্পী ও সংগীতশিল্পী মো. এনায়েত হোসাইন পলাশ এক আমন্ত্রণ বার্তায় বলেন, সংস্কৃতিমনা মানুষ, সাহিত্য-সংস্কৃতির অনুরাগী এবং সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণে এ আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠবে। তিনি অনুষ্ঠানে সবার আন্তরিক উপস্থিতি কামনা করেন।

আয়োজকদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে উপকূল সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রামে সাহিত্য, সংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার পাশাপাশি তরুণ প্রজন্মের সৃজনশীল বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।