, ,

‎গোবিন্দগঞ্জে ৬ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
‎শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টা ২৫ মিনিটে গোবিন্দগঞ্জ থানাধীন ১৩ নম্বর কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ এলাকায় অবস্থিত এইচআর জুট মিলের পূর্ব পাশে ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
‎পুলিশ সূত্র জানায়, গোবিন্দগঞ্জ থানার এসআই (নিঃ) মো. মমিনুল ইসলামের নেতৃত্বে জিডি নং-৫৯৫ (১৩/১২/২০২৫) এর আলোকে দিবাকালীন মোবাইল-১ ডিউটির অংশ হিসেবে মহাসড়কে যানবাহন তল্লাশি চলছিল। এ সময় রংপুর থেকে ঢাকাগামী নীলফামারী ট্রাভেলস নামক যাত্রীবাহী বাস (রেজি. নং ঢাকা মেট্রো-ব-১৫-৫৬৩৪) তল্লাশি করে সন্দেহভাজন এক যাত্রীর কাছ থেকে মোট ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎গ্রেফতার ব্যক্তি হলেন মো. আব্দুল হালিম ওরফে নয়ন (৩০)। তিনি লালমনিরহাট সদর থানার জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মো. নুর ইসলাম ও মাতা মোছা. লাকি বেগম।
‎পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি মাদক বহনের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
‎এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা নং-১৫, তারিখ ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(খ) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
‎পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।