গাইবান্ধা সদর উপজেলার সুখনগর এলাকায় অবস্থিত সরকারি প্রতিষ্ঠান প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় দুই মাসের বেশি সময় পার হলেও এখনো চুরি হওয়া সরকারি মালামাল উদ্ধার কিংবা প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনাকে ঘিরে নথিপত্রে উঠে এসেছে একাধিক অসঙ্গতি, যা তদন্ত নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
কেন্দ্র প্রধান ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট মোছাম্মদ ফরিদা ইয়াসমিন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করেন, ২৬ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে কেন্দ্রে চুরির ঘটনা ঘটে। ২৭ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে গার্ড মো. একরামুল ইসলাম ও হেলপার মো. নূর ইসলাম তাকে ফোন করে চুরির বিষয়টি জানান। পরে তিনি সহকর্মীদের নিয়ে অফিসে গিয়ে ঘটনাটি সত্য বলে নিশ্চিত হন।
প্রতিবেদনে বলা হয়, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কক্ষের একটি জানালার গ্রিলের ছোট একটা অংশ কাটা ছিল। ভবনের ছাদের দরজা খোলা, দ্বিতীয় তলার দুটি ব্লকের প্রবেশপথে তালা না থাকা এবং মূল গেটের পকেট গেটেও তালা না থাকলেও নিচতলার কোলাপসিবল গেটে তালা লাগানো ছিল। প্রতিবেদনে এসব বিষয়কে নিরাপত্তা ব্যবস্থার গুরুতর দুর্বলতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সবচেয়ে আলোচিত বিষয় হলো, ঘটনার সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল এবং ক্যামেরার মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে ঘটনার কোনো কার্যকর ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।আরেকটি উদ্বেগের বিষয় হলো জানালার এত ছোট কাটা অংশ দিয়ে এত বড় মালামাল বের হবার কথা নয়! তাহলে জানালা কেন কাটা হলো? তাহলে চুরি যাওয়া মালামাল ভিতর থেকে কলাপছিবল গেট খুলে বা ছাদের গেট খুলে বের করা হয়েছে! তাহলে চোর চাবি কই পেলো? চাবি তো গার্ড একরামুল এ-র কাছে থাকে! আরো আশ্চর্যের বিষয়ে হলো একটি ঘরের কম্পিউটার চুরি হলো কিন্তু পাশের ঘরে আরেকটি কম্পিউটার ছিল,সেটা কেন চুরি হল না?এসব প্রশ্নের কোন উত্তর এখনো বের হই নাই।
চুরি হওয়া মালামালের মধ্যে ছিল একটি কম্পিউটার, একটি ইউপিএস, একটি আইপিএস ও ব্যাটারি, একটি এইচপি প্রিন্টার, একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশনসহ মোট ছয়টি সরকারি সরঞ্জাম। গার্ড একরামুলের কথা বার্তায় দেখা দিচ্ছে অসংগতি। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়।
চুরির ঘটনার পর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গার্ড মো. একরামুল ইসলামের বিরুদ্ধে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করে। নোটিশে অভিযোগ করা হয়, ঘটনার, রাতে তিনি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না-সে বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।
তবে মো. একরামুল ইসলাম লিখিত জবাবে অভিযোগ অস্বীকার করেন।তিনি জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শোকজের জবাবে জানান তার উচ্চ ডায়বেটিস এ-র কারনে তিনি শুধু ঐ রাত্রে অনুপস্থিত থেকেছেন।তবে কেন্দ্র প্রধানের কাছে একটি শোকজের জবাবে জানিয়েছেন তিনি নাইট গার্ড নন; সাধারণ গার্ড হিসেবে দিনের দায়িত্ব পালন করেন। ঘটনার রাতে তার কোনো নির্ধারিত নাইট ডিউটি ছিল না। ওই রাতে অফিসে হেলপার অবস্থান করছিলেন এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রতিষ্ঠানের গার্ড হিসেবে দায়িত্বে থাকা ব্যক্তির কাছেই রাতের নিরাপত্তার জন্য প্রতিষ্ঠানের চাবি থাকার কথা। তাই তিনি নিজেকে নাইট গার্ড নন বলে যে দাবি করেছেন, তা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে।
আরও অভিযোগ রয়েছে, ওই গার্ড প্রতিষ্ঠানের বাইরে নিজেকে চিকিৎসক/থেরাপিস্ট পরিচয় দিয়ে ফিজিওথেরাপি সেবা দিয়ে বেড়ান এবং কথিত আছে তিনি ব্রীড রোডস্থ ডায়বেটিক সমিতির অফিসে সাবেক থেরাপি সহকারী এছ এম আছহাবিল আলম মাসুম এ-র সমন্বয়ে প্রাইভেট থেরাপি চেম্বারের ব্যবসা করেন।এছাড়া তিনি বিভিন্ন সময় নিজেকে প্রতিবন্ধী হিসেবে পরিচয় দিলেও মোটরসাইকেল (পালসার) চালিয়ে চলাফেরা করেন-এ বিষয়েও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি এবং স্বাধীনভাবে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। যদি জানালার গ্রিল কেটে চুরি হয়ে থাকে, তবে সেই পথ দিয়ে কীভাবে মালামাল বের করা হলো? কেন সিসিটিভি বন্ধ ছিল এবং ক্যামেরার মুখ ঘুরিয়ে রাখা হয়েছিল? কেন সব মূল্যবান মালামাল নেওয়া হয়নি? নিরাপত্তা ব্যবস্থার এতগুলো স্তরে একসঙ্গে ব্যর্থতা কীভাবে ঘটল,ঘটনাটি কি কারো যোগসাজশে করা হয়েছে না এমনি স্বাভাবিক চুরি?-এসব প্রশ্নের এখনো সন্তোষজনক উত্তর মেলেনি।
এ বিষয়ে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি স্পটে গিয়ে সব কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলা হয়।হেলপার নুরুল ইসলাম বলেন আমি নীচতলায় থাকি কিন্তু ঐ রাত্রে আমি কোণ শব্দ পাইনি কিন্ত কেন্দ্র প্রধান ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ফরিদা ইয়াসমিন বলেন হেলপার নুরুল ইসলামের কেন্দ্রে থাকার কোন লিখিত অনুমতি ছিল না।অন্যান্য কর্মচারীরা বলেন তারা কেন্দ্রে থাকেন না সেজন্য এ-ই সম্পর্কে কোন মন্তব্য করেন নাই। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এ-র পরিচালক জনাব এহতেশাম রেজা এ-র সাথে মুঠোফোন এ এ-ই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি এবং ঘটনা পর্যবেক্ষণ করছি শীঘ্রই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সদর থানার অফিসার ইন চার্জ এ-র কাছে ফোন করা হলে তিনি জানান দ্রুত তদন্ত করে রিপোর্ট দেয়া হবে
সরকারি সম্পদ চুরির মতো গুরুতর ঘটনায় দীর্ঘ সময়েও দৃশ্যমান তদন্ত অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে।
সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হওয়ার এই ঘটনায় এখন সবার নজর তদন্তকারী সংস্থা ও সংশ্লিষ্ট প্রশাসনের দিকে। সত্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনাই এখন গাইবান্ধাবাসীর প্রধান প্রত্যাশা।






