, ,

গাইবান্ধার ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, পলাতক ১

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় ইয়াবা সেবন ও কেনাবেচার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় আরও এক আসামি কৌশলে পালিয়ে যায়।
‎পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৬) ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রামে অভিযান পরিচালনা করে।
‎অভিযানে মো. রেজা মিয়ার বাড়ির শয়নকক্ষে ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ের সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. রেজা মিয়া (৩৯) ও মো. আয়নাল হক (৪০)। উভয়ের বাড়ি উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রামে।অভিযানের সময় একই মামলার আরেক আসামি মো. আনারুল ইসলাম (৩৫) শয়নকক্ষের জানালা দিয়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎পুলিশের ভাষ্য অনুযায়ী, রেজা মিয়ার দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে একটি নীল জিপার প্যাকেটে রাখা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে আয়নাল হকের কাছ থেকেও আরেকটি নীল জিপার প্যাকেটে রাখা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে মোট ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি এবং পলাতক আনারুল ইসলামের বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
‎জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গাইবান্ধা জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।