, ,

সাভারে পৃথক স্থানে ৩ বাসে আগুন; নিষিদ্ধ সংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন

চলতি মাসে সাভারে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বেশ কয়েকটি বাসে আগুনের ঘটনা ঘটে। এছাড়া বেশ কয়েকটি ঝটিকা মিছিলও করেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা। এসকল কাজে ‘হানিফ পরিবহন’ -এর নকল স্টিকার যুক্ত একটি বাস তাঁরা ব্যবহার করছেন বলে জানতে পারে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে ওই বাস ব্যবহার করে ব্যাংক টাউন এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ এবং মশাল মিছিলের চেষ্টা করা হয়।
‎কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতার বাসের সামনে লাগানো হয়েছিলো ‘হানিফ পরিবহন’ -এর নকল ব্যানার। এরপর ওই বাসটি নিয়ে নেতা-কর্মীরা সাভারের বিভিন্ন এলাকায় এসে মহাসড়কে মিছিল, মশাল মিছিল করতেন। সুযোগ বুঝে বাসে অগ্নিসংযোগ করতেন।
‎
‎গতকাল শুক্রবার রাতে সাভারের রাজ ফুল বাড়িয়া এলাকায় মশাল মিছিলের সময় ওই বাস জব্দসহ ৫ জনকে গ্রেপ্তারের পর এসব দাবি করেছেন সাভার মডেন থানা পুলিশ।
‎
‎সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘হানিফ পরিবহন’ -এর নকল ব্যানার যুক্ত একটি বাস ব্যবহার করে নাশকতাকারীরা বিভিন্ন জায়গায় এসে মশাল মিছিল করে, বিভিন্ন বাসে অগ্নিসংযোগ করেন৷ এছাড়া ব্যানার ফেস্টুন নিয়ে ঝটিকা মিছিল করে মুহূর্তের মধ্যে ওই বাসে করে চলে যান এমন তথ্য পুলিশের কাছে ছিলো।
‎
‎তিনি বলেন, গতকাল রাতে তারা একইভাবে ব্যাংক কলোনি এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করলে ওই এলাকায় থাকা পুলিশের একটি দল সেখানে পৌছানোয় তারা অগ্নিসংযোগ করতে পারেনি। ওই বাসটি জব্দসহ বাসের মালিক তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি।
‎
‎ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল রাত ৯ টার দিকে সাভারের ব্যাংক টাউনের অদূরে রাজ ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিল করছেন এমন সংবাদ পান ডিবি। পরে তারা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করেন। এছাড়া নেতা-কর্মীদের ব্যবহৃত ‘হানিফ পরিবহন’-এর নকল স্টিকারযুক্ত বাস জব্দ করেন।
‎
‎ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা রাজ ফুলবাড়িয়া এলাকায় মশাল মিছিল করছেন এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মশাল, মিছিলের সরঞ্জামাদি ও একটি ব্যানার উদ্ধার করা হয়।
‎
‎রাতে পৃথক পৃথক স্থানে ৩ বাসে আগুন:
‎
‎এদিকে গতকাল শুক্রবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে সাভার উপজেলার ব্যাংক টাউন ও আশুলিয়ার পৃথক স্থানে দাঁড় করিয়ে রাখা ৩ টি বাসে আগুনের ঘটনা ঘটে।
‎
‎আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল জানান, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে বলিভদ্র এলাকায় নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হিনো নামের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ও জিরাবো ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। এছাড়া রাত সাড়ে ৪ টার দিকে আশুলিয়ার নরসিংহপুর
‎এলাকায় আব্দুল্লাহপুর থেকে বাইপাইল সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। স্থানীয় নারী ও শিশু হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থার সহযোগিতায় ওই বাসের আগুন নেভানো হয়।
‎
‎সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গতকাল দিবাগত রাত সোয়া ৩ টার দিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে দাঁড় করিয়ে রাখা পোশাক শ্রমিকদের আনা নেয়ার কাজে ব্যবহৃত একটি বাসে(জ-১১-০০১৫) আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।এঘটনায়
‎সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান আগুন নিয়ন্ত্রণে দুইটি ইউনিট কাজ করে। বাসের ডেকোরেশন পুড়ে
‎ গেছে।
‎