গাইবান্ধায় সংবদ্ধ অটো ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চান্দের ভিটা এলাকায় স্থানীয়দের সহায়তায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে সৈকত মিয়া (৩০), তার স্ত্রী মনিরা আক্তার (২৫), সৈকতের ননদ কনা আক্তার (২২) এবং রংপুর জেলার কাউনিয়া উপজেলার হলদিবাড়ি গ্রামের নুর আলম মিয়ার ছেলে চাঁদ মিয়া (৩২)।
পুলিশ জানায়, সোমবার সকালে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে চান্দের ভিটা যাওয়ার উদ্দেশ্যে একটি অটো রিকশা ভাড়া করে চারজন যাত্রী। পথে নির্জন স্থানে পৌঁছালে তারা হঠাৎ অটো থামিয়ে চালক আনোয়ারুল ইসলামকে বেদম মারধর করে রাস্তায় ফেলে রেখে অটো নিয়ে পালানোর চেষ্টা করে। চালকের চিৎকারে আশপাশের এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে অটোসহ চার ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অটোচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং আটক চারজনকে থানায় নিয়ে আসে।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, আটক চারজনের বিরুদ্ধে ছিনতাই ও দস্যুতার মামলার প্রস্তুতি চলছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অটো ছিনতাই করে আসছিল।







