গাইবান্ধা শহরে ছুরির মুখে এক যুবককে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগের ঘটনায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে এলাকাবাসীর উদ্যোগে অভিযুক্তদের একজনকে আটক করে গাইবান্ধা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এতে এলাকায় কিছুটা স্বস্তি ফিরলেও পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে শহরের সরকারপাড়া এলাকার বাসিন্দা মোঃ শাহিদুল ইসলামের ছেলে মোঃ আরমান চৌধুরী (২২) বাস টার্মিনাল সংলগ্ন একটি হোটেলের কাজ শেষে বাড়ি ফেরার পথে উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক একটি গোডাউনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে নগদ ২৫ হাজার ৪০০ টাকা এবং প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এসময় তাকে কয়েক ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার বিষয়টি জানালে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের তৎপরতায় অভিযুক্তদের একজনকে শনাক্ত করে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে থানায় সোপর্দ করা হয়।
স্থানীয়রা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ (চালান) করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সচেতন মহল বলছে, জনবহুল এলাকায় এ ধরনের দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তাই নিয়মিত পুলিশ টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন এবং অপরাধ দমনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।
এলাকাবাসীর তাৎক্ষণিক উদ্যোগে একজন অভিযুক্ত আটক হলেও পুরো চক্রকে আইনের আওতায় না আনা পর্যন্ত স্বস্তি ফিরবে না বলে মনে করছেন স্থানীয়রা। তাই দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।




