ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলিম পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের দায়ে এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আরও দুই শিক্ষকের কেন্দ্রের দায়িত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া পরীক্ষার নিয়ম ভঙ্গের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেন রাণীখার সৈয়দ এমদাদুল বাড়ি গাউছিয়া আলিম মাদ্রাসার শিক্ষক।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম জানান, সোমবার এইচএসসি ও সমমানের ইসলামি ইতিহাস পরীক্ষা চলাকালে শিক্ষক মনির হোসেন কেন্দ্রের বাইরে থেকে পরীক্ষার উত্তর লিখে এনে পরীক্ষার্থীদের কাছে সরবরাহের চেষ্টা করেন। কেন্দ্রের ট্যাগ অফিসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে বিষয়টি শনাক্ত করেন।
পরে কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১২ ধারায় শিক্ষক মনির হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও আরও জানান, একই ঘটনায় পরীক্ষা কক্ষে দায়িত্ব পালনকারী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের কেন্দ্রের দায়িত্ব স্থগিত করা হয়েছে। পাশাপাশি অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, পাবলিক পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।







